ট্রাম্পের কাছে শুল্ক মওকুফের আবেদন ফুটওয়্যার জায়ান্টদের

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে শুল্ক মওকুফের অনুরোধ জানিয়েছে ফুটওয়্যার ডিস্ট্রিবিউটরস অ্যান্ড রিটেইলার্স অব আমেরিকা।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে শুল্ক মওকুফের অনুরোধ জানিয়েছে ফুটওয়্যার ডিস্ট্রিবিউটরস অ্যান্ড রিটেইলার্স অব আমেরিকা। আমেরিকার বৃহত্তম জুতা উৎপাদনকারী ব্র্যান্ডগুলোর সংগঠনটি হোয়াইট হাউজে এ-সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে ট্রাম্পের পারস্পরিক শুল্ক থেকে অব্যাহতি চাওয়া হয়েছে। নাইকি, অ্যাডিডাস, স্কেচার্স, আন্ডার আর্মারসহ ৭৬টি ব্র্যান্ড চিঠিতে স্বাক্ষর করেছে। খবর সিএনবিসি।

গত ২৯ এপ্রিলের চিঠিতে বলা হয়, নিম্ন ও মধ্যম আয়ের পরিবারের জন্য সাশ্রয়ী জুতা তৈরিকারী প্রতিষ্ঠানগুলো উচ্চ শুল্ক বহন করতে পারবে না। এ খরচ ভোক্তাদের ওপর চাপানোও সম্ভব নয়। শুল্ক থেকে মুক্তি না পেলে বহু প্রতিষ্ঠান ব্যবসা বন্ধ করতে বাধ্য হবে।

এপ্রিলের শুরুতে ট্রাম্প প্রশাসন চীন, ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো জুতা সরবরাহকারী দেশগুলোর ওপর উচ্চ শুল্ক আরোপ করে। ভিয়েতনাম ও কম্বোডিয়ার ওপর আরোপিত শুল্ক ৪৫ থেকে কমিয়ে ৯০ দিনের জন্য ১০ শতাংশ করা হয়। তবে চীনা পণ্যের ওপর শুল্ক বেড়ে ১৪৫ শতাংশ হয়েছে। আগামী জুলাই থেকে কিছু বাণিজ্য অংশীদারের ওপর পুনরায় বাড়তি শুল্ক কার্যকর হতে যাচ্ছে।

অ্যাডিডাস সতর্ক করে বলেছে, শুল্কের কারণে ভোক্তাদের বাড়তি খরচ বহন করতে হবে। প্রথম প্রান্তিকে ভালো ফলাফল সত্ত্বেও ২০২৫ সালের আর্থিক পূর্বাভাস বাড়ায়নি প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের আমদানি শুল্ক ঘিরে অনিশ্চয়তার কথা উল্লেখ করে প্রতিষ্ঠানটি এ সিদ্ধান্ত নেয়।

ট্রাম্প প্রশাসনের বাণিজ্যনীতির কারণে স্কেচার্সও তাদের বার্ষিক পূর্বাভাস প্রত্যাহার করে নিয়েছে।

ফুটওয়্যার ডিস্ট্রিবিউটরস অ্যান্ড রিটেইলার্স অব আমেরিকার চিঠিতে আরো বলা হয়েছে, ট্রাম্পের শুল্কনীতি ঘোষণার আগেই শিল্পটি শিশুদের জুতাসহ বিভিন্ন পণ্যের ওপর উল্লেখযোগ্য শুল্কের সম্মুখীন ছিল। বাণিজ্য গোষ্ঠীটি জানিয়েছে, সব মিলিয়ে মার্কিন জুতা কোম্পানিগুলো ১৫০ থেকে প্রায় ২২০ শতাংশ পর্যন্ত শুল্কের সম্মুখীন হবে।

আরও