রংপুর জেলার দুটি পিছিয়ে পড়া গ্রামকে কৃষিভিত্তিক টেকসই গ্রামীণ উন্নয়নের মডেল গ্রামে রূপান্তর করেছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সাসটেইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন (এসএএফ)। বাংলাদেশ স্মার্ট ভিশন ২০৪১-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এ উদ্যোগের মাধ্যমে ব্যাংকটি এ দুই গ্রামের ৩ হাজার ৫০০ জনেরও বেশি কৃষককে সহায়তা করেছে, যা তরুণ উদ্যোক্তাদের জন্য কৃষিভিত্তিক কর্মসংস্থান তৈরি করেছে।
এ উদ্যোগের আওতায়, দুটি ‘সেন্টার অব এক্সিলেন্স’ (সিওই) প্রতিষ্ঠা করা হয়েছে, যা প্রশিক্ষণ, উদ্ভাবন ও সামাজিক সেবার মাধ্যমে কৃষি সম্পর্কিত সমস্যার সমাধান কেন্দ্র হিসেবে কাজ করবে। পাশাপাশি কৃষকদের বাজার, প্রযুক্তি ও পরামর্শ সেবা দেয়ার জন্য তৈরি করা হয়েছে ‘ফারমার্স হাব’। এছাড়া উদ্যোগটির মাধ্যমে হাইব্রিড সৌরচালিত সেচ ব্যবস্থা, কম্বাইন হারভেস্টার, ট্রাক্টর, প্রাকৃতিক গুদাম, কেঁচো সার তৈরি ও নিরাপদ খাদ্য উৎপাদন প্রযুক্তিসহ আধুনিক কৃষি যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে। ফলে ৬২ জন মানুষের কর্মসংস্থান এবং ৩৭ জন গ্রামীণ উদ্যোক্তা তৈরি হয়েছে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিটপী দাশ চৌধুরী বলেন, ‘এরই মধ্যে আমরা দেশব্যাপী ৫৭ হাজারের বেশি সুবিধাভোগীর জন্য ১৮টি কার্যকরী কৃষি প্রকল্প বাস্তবায়ন করেছি। এর মাঝে এ মডেল গ্রাম বিনির্মাণের মাধ্যমে মানুষের জীবনমান উন্নত করার এ উদ্যোগ একটি নতুন মাইলফলক স্থাপন করেছে। গ্রামীণ কৃষির প্রায় সব ধাপে সহায়তা দিয়ে আমরা সামগ্রিক কৃষি উন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধির একটি অনন্য উদাহরণ তৈরি করছি। এটি তৃণমূল পর্যায়ে পরিবর্তনের অনুপ্রেরণা জোগাচ্ছে। এ উদ্যোগের সবচেয়ে বড় সাফল্য হলো এটি একবার শুরু হলে গ্রামবাসী নিজেরাই এটি চালিয়ে যেতে পারে।‘—বিজ্ঞপ্তি