পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) লিমিটেড ও ফিলিপ মরিস বাংলাদেশ লিমিটেড (পিএমবিএল) একটি উৎপাদন ও সরবরাহ চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী, গত ১২ নভেম্বর থেকে পিএমবিএলের কিছু তামাক পণ্যের উৎপাদন বিএটিবিসির কারখানায় শুরু হয়েছে। গতকাল ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, চলতি ২০২৪ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে বিনিয়োগকারীদের জন্য ১৫০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। লভ্যাংশসংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।
তথ্যানুসারে, চলতি হিসাব বছরের তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ টাকা ৪৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৫ টাকা ১১ পয়সা। এছাড়া চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭ টাকা ৩৫ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৭ টাকা ৫২ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১৩ টাকা ৮২ পয়সা।