রফতানি বহুমুখীকরণ স্কিমে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করল প্রিমিয়ার ব্যাংক

রফতানি বহুমুখীকরণ পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি। বাংলাদেশ ব্যাংকের সাসটেইনবল ফাইন্যান্স ডিপার্টমেন্টে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পক্ষে সাসটেইনবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নূরুন্নবী ও অতিরিক্ত পরিচালক মুহাম্মদ আবু আলম মহসীন এবং প্রিমিয়ার ব্যাংকের পক্ষে উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঋণ কর্মকর্তা মোহাম্মদ আল-আমীন এবং সাসটেইনবল ফাইন্যান্স ইউনিটের প্রধান ও ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোল্লা খবিরুজ্জামান উপস্থিত ছিলেন।

দেশের রফতানি খাতকে আরো বহুমুখী করা এবং তৈরি পোশাক খাতের উপর নির্ভরতা কমিয়ে নতুন ও সম্ভাবনাময় রফতানিমুখী শিল্পের বিকাশে অর্থায়ন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগে অংশগ্রহণ করেছে প্রিমিয়ার ব্যাংক।

এ চুক্তির আওতায় প্রিমিয়ার ব্যাংক অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত খাত ও বিশেষ উন্নয়ন খাতের রফতানিকারকদের স্বল্পসুদে পুনঃঅর্থায়ন সুবিধা প্রদান করবে।

অনুষ্ঠানে কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, বাংলাদেশ ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকের এ সহযোগিতা সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত ও উদীয়মান রফতানিমুখী শিল্পে সাশ্রয়ী অর্থায়নের প্রবাহ বাড়াতে সহায়ক হবে। এর মাধ্যমে দেশের অর্থনীতিতে শিল্পের বহুমুখীকরণ, স্থানীয় কাঁচামালের ব্যবহার বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ আরো সম্প্রসারিত হবে। — সংবাদ বিজ্ঞপ্তি

আরও