কন্ট্যাক্টলেস পেমেন্টের সুযোগ সম্প্রসারণে যৌথভাবে কো-ব্র্যান্ডেড স্টিকার পেমেন্ট কার্ড চালু করছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি), মাস্টারকার্ড ও গ্রামীণফোন। প্রিপেইড কার্ডটি স্মার্টফোন বা উপযুক্ত ডিভাইসে লাগিয়ে ব্যবহার করা যাবে। কন্ট্যাক্টলেস পেমেন্ট সুবিধাসম্পন্ন পয়েন্ট অব সেল (পিওএস) টার্মিনালে কার্ডটি ট্যাপ করেই পেমেন্ট করা যাবে। এতে দ্রুত ও সহজে লেনদেনের পাশাপাশি ক্যাশব্যাক, রিওয়ার্ড ও বিভিন্ন লাইফস্টাইল সুবিধা পাবেন গ্রাহকরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
কার্ড উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। এ সময় ইউসিবির চেয়ারম্যান শরীফ জহীর ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ মামদুদুর রশিদ; মাস্টারকার্ডের ইন্ডিয়া-সাউথ এশিয়ার ডিভিশন প্রেসিডেন্ট গৌতম আগারওয়াল, সংশ্লিষ্ট পাঁচ দেশের গ্রুপ কান্ট্রি ম্যানেজার সান্দুন হাপুগোদা ও বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা এবং গ্রামীণফোনের চিফ প্রডাক্ট অফিসার সোলায়মান আলমসহ তিন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইউসিবির ব্যাংকিং সেবা, মাস্টারকার্ডের পেমেন্ট প্রযুক্তি ও গ্রামীণফোনের মাইজিপি ডিজিটাল ইকোসিস্টেমের সমন্বয়ে চালু হওয়া কার্ডটির মাধ্যমে মাইজিপির যোগ্য ওটিটি ও বান্ডেল কেনাকাটা, মাইজিপি শপের লেনদেন এবং লার্নিং কোর্সে ১০ শতাংশ ক্যাশব্যাক সুবিধা পাওয়া যাবে। এছাড়া যোগ্য জিপিএফআই সাবস্ক্রিপশনে ৩ শতাংশ এবং নির্দিষ্ট রোমিং প্যাক কেনাকাটায় ৫০ টাকা ক্যাশব্যাক মিলবে। জিপিস্টার ও মাস্টারকার্ডের অংশীদার মার্চেন্টদের বিশেষ অফার এবং নির্দিষ্ট লেনদেনে অতিরিক্ত মাইজিপি পয়েন্ট অর্জনের সুযোগও থাকছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, কার্ডটির প্রথম বছরের ফি মওকুফ করা হয়েছে। এছাড়া বছরে ১ লাখ টাকা বা তার বেশি খরচ করলেও বার্ষিক ফি মওকুফের সুবিধা পাবেন গ্রাহকরা।