সাতক্ষীরায় তিন-চার সপ্তাহের ব্যবধানে গুঁড়া হলুদের দাম কমেছে কেজিপ্রতি ৫০-৬০ টাকা। ব্যবসায়ীরা জানিয়েছে, নিম্নমুখী চাহিদা মসলাপণ্যটির দাম কমার পেছনে ভূমিকা রেখেছে।
জেলার সুলতানপুর বড় বাজারের মসলাপণ্য বিক্রি প্রতিষ্ঠান মেসার্স ঠাকুর স্টোরে গতকাল প্রতি কেজি গুঁড়া হলুদ খুচরায় বিক্রি হয়েছে ২৫০ টাকায়, তিন-চার সপ্তাহ আগেও যা ছিল ৩১০-৩২০ টাকা।
দাম কমে যাওয়ার কারণ হিসেবে প্রতিষ্ঠানটির পরিচালক দুলাল চন্দ্র সাহা বলেন, ‘সম্প্রতি পাইকারিতে গুঁড়া হলুদের দাম কমেছে। ফলে তার প্রভাব পড়েছে খুচরা বাজারে।’
তিনি জানান, এক মাস আগেও পাইকারিতে প্রতি কেজি গুঁড়া হলুদের দাম ছিল ২৭০-২৮০ টাকা। বর্তমানে তা কমে কেজিপ্রতি ২২৫-২৩০ টাকায় নেমে এসেছে।
এদিকে ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-অক্টোবর পর্যন্ত চার মাস এ বন্দর দিয়ে ৭ হাজার ৭৩৫ টন শুকনা হলুদ আমদানি হয়েছে, যার মূল্য ছিল ১২৭ কোটি ৫২ লাখ টাকা। গত অর্থবছরের একই সময় এ বন্দর দিয়ে ১৯৩ কোটি ৫১ লাখ টাকা মূল্যের ১০ হাজার ৭০৬ টন পণ্য আমদানি হয়েছিল। এ হিসাব অনুযায়ী চলতি অর্থবছরের গত চার মাসে ভোমরা স্থলবন্দর দিয়ে গুঁড়া হলুদ আমদানি কমেছে ২ হাজার ৯৭১ টন।
এ বিষয়ে ভোমরা স্থলবন্দরের মসলাপণ্য আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো আবু হাসান বলেন, ‘ভালো চাহিদা না থাকায় আমরা গুঁড়া হলুদের আমদানি কমিয়েছি।’
সাতক্ষীরা জেলার দায়িত্বপ্রাপ্ত কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ বণিক বার্তাকে জানান, চাহিদা কমায় সম্প্রতি মসলা বাজারে গুঁড়া হলুদের দাম কমে এসেছে।