অস্ট্রেলিয়ায় চলতি মৌসুমে গম উৎপাদন আরো বাড়ার পূর্বাভাস দেয়া হয়েছে। ফসল সংগ্রহের কাজ শুরুর পর দেশটির পশ্চিমাঞ্চলে প্রত্যাশার চেয়ে ফলন ভালো হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
রয়টার্সের সর্বশেষ জরিপ অনুযায়ী, পাঁচজন বিশ্লেষক অস্ট্রেলিয়ায় গড়ে পাঁচ লাখ টন বেশি উৎপাদনের পূর্বাভাস দিয়েছেন। তাদের হিসাব অনুযায়ী, চলতি বছর অস্ট্রেলিয়ায় ৩ কোটি ৫৭ লাখ টন গম উৎপাদন হতে পারে, যা দেশটির ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ।
খাতসংশ্লিষ্টরা জানান, অস্ট্রেলিয়ায় উৎপাদন বাড়লে বিশ্ববাজারে গমের সরবরাহ বাড়বে। শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) এরই মধ্যে খাদ্যশস্যটির দাম পাঁচ বছরের সর্বনিম্নে নেমে গেছে।
বিশ্বের অন্যতম প্রধান খাদ্যশস্য গম, যব, ক্যানোলা ও অন্যান্য কৃষিপণ্যের রফতানিকারক দেশ অস্ট্রেলিয়া। বিশ্লেষকদের হিসাব অনুযায়ী, অস্ট্রেলিয়ায় চলতি বছর যব উৎপাদন বাড়তে পারে প্রায় চার লাখ টন। এ সময় মোট উৎপাদনের পরিমাণ দাঁড়াতে পারে রেকর্ড ১ কোটি ৫০ লাখ টনে। এছাড়া ক্যানোলা উৎপাদন কিছুটা বেড়ে ৬৫ লাখ টনে পৌঁছার সম্ভাবনা রয়েছে।
গত বছর অস্ট্রেলিয়ায় ৩ কোটি ৪১ লাখ টন গম, ১ কোটি ৩৩ লাখ টন যব ও ৬৪ লাখ টন ক্যানোলা উৎপাদন হয়েছিল। তবে শস্য উৎপাদন মৌসুমজুড়ে পশ্চিম অস্ট্রেলিয়া, উত্তর নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ডে মাটির আর্দ্রতা ভালো ছিল।