বোয়িংয়ের নতুন এয়ার ফোর্স ওয়ান

সরবরাহে আরো দুই বছরের বিলম্ব

বহু বছর ধরে বিলম্বিত বোয়িংয়ের নতুন এয়ার ফোর্স ওয়ান উড়োজাহাজ ২০২৭ সালে হস্তান্তরের জন্য প্রস্তুত হতে পারে।

বহু বছর ধরে বিলম্বিত বোয়িংয়ের নতুন এয়ার ফোর্স ওয়ান উড়োজাহাজ ২০২৭ সালে হস্তান্তরের জন্য প্রস্তুত হতে পারে। বুধবার এ কথা জানিয়েছেন এক শীর্ষ মার্কিন বিমানবাহিনী কর্মকর্তা। তার ভাষ্য, পরবর্তী প্রজন্মের জেট দুটি দুই বছর পর সরবরাহের প্রস্তাব দিয়েছে উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। যদি সবকিছু ঠিকঠাক চলে, ডোনাল্ড ট্রাম্প নতুন এয়ার ফোর্স ওয়ান ব্যবহার করতে পারবেন। খবর সিএনএন।

জেট দুটি মূলত সরবরাহ করার কথা ছিল তিন বছর আগে। সে হিসাবে ২০২৭ সাল অনেকটাই লম্বা সময়। তবে এটি বোয়িংয়ের সাম্প্রতিক পূর্বাভাসের তুলনায় এক-দুই বছর কম। প্রকাশিত প্রতিবেদন বলছে, এর আগে ট্রাম্প এ বিলম্বে ক্ষুব্ধ ছিলেন এবং অন্তর্বর্তীকালীন ব্যবহারের জন্য অন্য একটি জেট কেনার কথাও ভাবছিলেন বলে জানা গেছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৭-২১ সালের প্রথম মেয়াদে বোয়িংয়ের সঙ্গে দুটি নতুন ৭৪৭-৮ বিমান তৈরির চুক্তি করেন। শুরুতে ২০২২ সালে জেটগুলো সরবরাহ করার কথা থাকলেও পরে আরো বাস্তবসম্মত তারিখ হিসেবে ২০২৪ সাল ঠিক করা হয়।

মার্কিন বিমানবাহিনীর ভারপ্রাপ্ত অ্যাকুইজিশনস চিপ ডারলিন কস্টেলো গত সপ্তাহে বিলম্বের বিষয়টি জানান। তিনি কংগ্রেসের এক কমিটিতে সাক্ষ্য দেয়ার সময় বিমানবাহিনী ও বোয়িংয়ের সাম্প্রতিক আলোচনা নিয়ে বক্তব্য দেন।

কস্টেলো বলেন, ‘আমি তারিখের নিশ্চয়তা দিতে পারছি না। তবে আমরা যদি চুক্তির কিছু পরিবর্তনে একমত হতে পারি, তাহলে বোয়িং ২০২৭ সালে সরবরাহের প্রস্তাব দিয়েছে।’

তিনি এ সময় নির্ধারিত কিছু কঠোর চুক্তির শর্ত শিথিল করার কথা বলেন। যেমন বিমানে কাজ করা কর্মীদের জন্য উচ্চ পর্যায়ের নিরাপত্তা অনুমোদন (টপ-সিক্রেট ক্লিয়ারেন্স) বাধ্যতামূলক না রাখা। এ ধরনের কড়াকড়িই আগে বেশকিছু বিলম্বের কারণ ছিল বলে মনে করা হচ্ছে। অবশ্য কস্টেলোর বক্তব্য নিয়ে বোয়িং কোনো মন্তব্য করেনি।

আরও