ঋণ চুক্তি স্বাক্ষর

এডিবির কাছ থেকে ৩ কোটি ডলার পাচ্ছে এনভয় টেক্সটাইলস

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড এশীয় উন্নয়ন ব্যাংকের কাছ থেকে ৩ কোটি ডলারের ঋণসহায়তা পাচ্ছে।

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড এশীয় উন্নয়ন ব্যাংকের কাছ থেকে ৩ কোটি ডলারের ঋণসহায়তা পাচ্ছে। এরই মধ্যে ঋণের বিষয়ে এডিবির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে কোম্পানিটি। গতকাল এডিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এডিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংস্থাটি এনভয় টেক্সটাইলসের সঙ্গে ৩ কোটি ডলারের একটি টেকসই-সংযুক্ত ঋণ সুবিধা চুক্তি স্বাক্ষর করেছে। এনভয়ের সঙ্গে এ লেনদেন ২০২২ সালে এডিবির টেক্সটাইল উৎপাদন প্রকল্পের একটি ধারাবাহিকতা। এটি বাংলাদেশে এডিবির প্রথম টেকসই-সংযুক্ত ঋণ। টেকসই-সংযুক্ত ঋণ হলো একটি অগ্রসরমুখী, কর্মদক্ষতাভিত্তিক ঋণ উপকরণ, যেখানে পূর্বনির্ধারিত মূল কর্মক্ষমতার সূচক (কেপিআই) থাকে এবং তা টেকসই পারফরম্যান্স লক্ষ্যের ভিত্তিতে মূল্যায়ন করা হয়। নির্বাচিত টেকসই পারফরম্যান্স লক্ষ্যগুলো এনভয়ের টেকসই উদ্দেশ্যকে প্রতিফলিত করে, যার মধ্যে রয়েছে কারখানার ছাদের ওপর স্থাপিত বিদ্যুৎ উৎপাদনক্ষমতা বৃদ্ধি এবং গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ হ্রাস।

এডিবির কাছ থেকে নেয়া এ ঋণের অর্থ জামিরদিয়ায় এনভয়ের কারখানায় নতুন সুতা উৎপাদন ইউনিটের নকশা ও নির্মাণে ব্যবহার করা হবে, যা কোম্পানিটির বার্ষিক সুতা উৎপাদনক্ষমতা বাড়াবে। পাশাপাশি কারখানার ছাদে ৩ দশমিক ৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন ও স্থানীয় স্বল্পমেয়াদি কার্যকরী মূলধনের ঋণ পুনঃঅর্থায়নেও এডিবির অর্থ কাজে লাগানো হবে। নতুন ইউনিটটি স্বয়ংক্রিয় ও আরো জ্বালানি-সাশ্রয়ী হবে এবং এর বার্ষিক সুতা উৎপাদনক্ষমতা হবে ৪ হাজার ৫৫০ টন, যা মূলত এনভয়ের ডেনিম কাপড় উৎপাদনে ব্যবহার হবে।

এডিবির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর হো ইয়ুন জিওং বলেন, ‘তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি, যা দেশের মোট রফতানি আয়ের ৮০ শতাংশের বেশি জোগান দেয় এবং এনভয় দেশের শীর্ষ ডেনিম কাপড় প্রস্তুতকারক। বাংলাদেশে প্রথমবারের মতো এনভয়কে টেকসই-সংযুক্ত ঋণ দিয়ে সহায়তা করতে পেরে এডিবি আনন্দিত। এ অংশীদারত্ব পরিবেশগত স্থায়িত্ব ও শিল্পের আধুনিকায়নকে এগিয়ে নিচ্ছে, যা গার্মেন্টস খাতে নতুন মানদণ্ড স্থাপন করছে।’

এনভয় টেক্সটাইলসের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা এডিবির অব্যাহত সমর্থন পেয়ে সম্মানিত, যার অংশীদারত্ব আমাদের টেকসই প্রবৃদ্ধি ও উদ্ভাবনের প্রতিশ্রুতিকে পুনরায় নিশ্চিত করে। এ নতুন টেকসই-সংযুক্ত ঋণ আমাদের উৎপাদনক্ষমতা বাড়াতে, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করতে এবং আমাদের পরিবেশগত প্রভাব আরো কমাতে সক্ষম করবে। এনভয় সর্বোচ্চ মানের গুণগত মান, অন্তর্ভুক্তি ও টেকসইতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’

আর্থিক প্রতিবেদন অনুসারে সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে এনভয় টেক্সটাইলের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৪০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৫৮ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৮ টাকা ৩২ পয়সায়।

২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইলসের অনুমোদিত মূলধন ৪৭৫ কোটি ও পরিশোধিত মূলধন ১৬৭ কোটি ৭৩ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৪০৪ কোটি ২১ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৬ কোটি ৭৭ লাখ ৩৪ হাজার ৭৬৭। এর ৬৫ দশমিক ১৮ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৪ দশমিক ৯৫, বিদেশী বিনিয়োগকারী দশমিক শূন্য ৭ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৯ দশমিক ৮০ শতাংশ শেয়ার রয়েছে।

আরও