দুই বছর লোকসানে থেকেও নিশানের শীর্ষ কর্তাদের পারিশ্রমিক লাখ ডলারে

টানা দুই বছর ধরে বড় অংকের লোকসান গুনছে জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিশান মোটর।

ব্যবসা টিকিয়ে রাখতে বিশ্বজুড়ে কর্মী ছাঁটাইয়ের মতো কঠিন সিদ্ধান্তও নিতে হয়েছে প্রতিষ্ঠানকে। কিন্তু এ চরম আর্থিক সংকটেও কোম্পানির শীর্ষ পাঁচ নির্বাহী কর্মকর্তা মোটা অংকের পারিশ্রমিক পেয়েছেন। গত সপ্তাহে নিশানের বার্ষিক সাধারণ সভার (এজিএম) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য উঠে আসে। খবর জাপান টুডে।

কোম্পানির তথ্যানুযায়ী, সদ্য সমাপ্ত অর্থবছরে নিশানের প্রেসিডেন্ট ইভান এস্পিনোসাসহ পাঁচ শীর্ষ কর্মকর্তা মোট ১৩৯ কোটি ইয়েন পারিশ্রমিক নিয়েছেন। এর পরিমাণ প্রায় ৮৭ লাখ ডলার।

ব্যবসায়িক মন্দা কাটাতে নিশান বর্তমানে বড় ধরনের পুনর্গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। ২০২৭ অর্থবছরের মধ্যে বিশ্বব্যাপী প্রায় ২০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা রয়েছে কোম্পানিটির। এমন সংকটের মুখে সাধারণ কর্মীদের চাকরি নিয়ে টানাটানি পড়লেও শীর্ষ কর্তাদের বিশাল অংকের পারিশ্রমিক দেয়া নিয়ে নানা গুঞ্জন তৈরি হয়েছে।

অবশ্য বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোম্পানির কঠিন পরিস্থিতিতে প্রেসিডেন্ট ইভান এস্পিনোসা নিজের পারফরম্যান্স-ভিত্তিক বোনাসের অর্ধেক অংশ স্বেচ্ছায় ফিরিয়ে দিয়েছেন। তবে বিজ্ঞপ্তিতে কোন কর্মকর্তা এককভাবে কত পারিশ্রমিক পেয়েছেন, তা আলাদা করে প্রকাশ করা হয়নি।

তথ্যানুযায়ী, সদ্য সমাপ্ত অর্থবছরে নিশানের নিট লোকসান হয়েছে ৫৩ হাজার ৩১০ কোটি ইয়েন। আগের বছরও কোম্পানিটির লোকসান ছিল ৬৭ হাজার ৯০ কোটি ইয়েন।

নিসান কর্তৃপক্ষ জানিয়েছে, মূলত কোম্পানির অভ্যন্তরীণ বড় ধরনের পুনর্গঠন ও সংস্কারকাজের অতিরিক্ত খরচের কারণেই লোকসানের খাতা এত বড় হয়েছে।

আরও