নিলামে ৫ লাখ ২৫ হাজার ডলারে বিক্রি ইন্ডিয়ানা জোন্সের চাবুক

‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য লাস্ট ক্রুসেড’ সিনেমায় ব্যবহৃত একটি চাবুক নিলামে বিক্রি হয়েছে ৫ লাখ ২৫ হাজার ডলারে। যুক্তরাষ্ট্রের হেরিটেজ অকশনসের আয়োজনে বৃহস্পতিবারের নিলামে এ চাবুক বিক্রি হয়।

‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য লাস্ট ক্রুসেড’ সিনেমায় ব্যবহৃত একটি চাবুক নিলামে বিক্রি হয়েছে ৫ লাখ ২৫ হাজার ডলারে। যুক্তরাষ্ট্রের হেরিটেজ অকশনসের আয়োজনে বৃহস্পতিবারের নিলামে এ চাবুক বিক্রি হয়। নিলামঘর জানিয়েছে, তাদের আয়োজিত চলমান ‘সামার এন্টারটেইনমেন্ট অকশন’ এরই মধ্যে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ আয়ের বিনোদন সংশ্লিষ্ট নিলামে রূপ নিয়েছে। হ্যারিসন ফোর্ড অভিনীত ইন্ডিয়ানা জোন্স সিনেমার শেষ দৃশ্যে ‘হলি গ্রেইল ট্রায়াল’ অংশে ব্যবহার করা হয়েছিল চাবুকটি। পরে সিনেমার যুক্তরাজ্য প্রিমিয়ারে এটি উপহার হিসেবে তৎকালীন প্রিন্স চার্লসকে দেন ফোর্ড। এরপর হাতবদল হয়ে পৌঁছায় প্রিন্সেস ডায়ানার কাছে। তিনি এটি বর্তমান মালিককে উপহার দেন। তবে এ ব্যক্তির পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। গোপন রাখা হয়েছে চাবুকটির নতুন ক্রেতার নামও। হেরিটেজ অকশনসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট জো ম্যাডালেনা বলেন, ‘চাবুকটি সিনেমার ইতিহাসে আইকনিক চরিত্রের একটি আইকনিক প্রতীক হিসেবে বিবেচিত। এটি এবারের নিলামের অন্যতম বড় আকর্ষণ ছিল।’ তবে চাবুকটিকে ছাপিয়ে গেছে ‘সিটিজেন কেইন’ সিনেমার রোজবাড স্লেজ। এটি বিক্রি হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ডলারে। ‘গ্রিমলিনস’ সিনেমার পরিচালক জো দান্তে ১৯৮৪ সালে আরকেও পিকচারসের একটি সেটে কাজ করার সময় স্লেজটি (তুষার এলাকায় চলাচলের যান) খুঁজে পান। এরপর এটি নিজের কাছে রেখে দেন এবং চারটি সিনেমায় ব্যবহার করেন। সিটিজেন কেইনে ব্যবহৃত তিনটি স্লেজের মধ্যে এটি ছিল অন্যতম। অন্য দুটি কিনেছিলেন স্টিভেন স্পিলবার্গ (১৯৮২ সালে ৬০ হাজার ৫০০ ডলারে) ও এক অজ্ঞাতনামা ব্যক্তি (১৯৯৬ সালে ২ লাখ ৩৩ হাজার ডলারে)। নিলামে এখনো অবিক্রীত রয়েছে ‘হোম অ্যালোন’ সিনেমার বিখ্যাত টুপি, ‘কিল বিল’ সিনেমার তলোয়ার ও জেকে রাওলিং স্বাক্ষরিত হ্যারি পটার বইয়ের প্রথম সংস্করণ। খবর এপি

আরও