এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
বিশিষ্ট এ ব্যবসায়ী নেতার মৃত্যুতে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ ও পরিচালনা পর্ষদের সদস্যরা গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে সমগ্র ব্যবসায়ী অঙ্গনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হবে বলে মনে করেন ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে তার হাত ধরে বাংলাদেশের তৈরি পাদুকা ও চামড়াজাত পণ্য রফতানি কার্যক্রম শুরু হয়, যার মাধ্যমে বহির্বিশ্বে আমাদের উৎপাদিত চামড়াজাত পণ্যের বাজার সুনামের সঙ্গে সম্প্রসারিত হয় এবং চামড়া খাতের এ ইতিবাচক ব্র্যান্ডিং আমাদের স্থানীয় শিল্পের উন্নয়ন ও রফতানি বৃদ্ধিতে অপরিসীম ভূমিকা রেখেছে।
ডিসিসিআই সভাপতি বলেন, সৈয়দ মঞ্জুর এলাহী দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সহায়ক পরিবেশ উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরিতে নিরলসভাবে কাজ করে গেছেন এবং তার প্রতিষ্ঠানগুলো দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি সমাজ, সংস্কার ও আর্থ-সামাজিক পরিস্থিতির উন্নয়নে তার অবদান দেশবাসী চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, দেশের চামড়া ও আধুনিক পাদুকা শিল্পের অন্যতম পথিকৃত, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, বিশিষ্ট শিল্প উদ্যোক্তা ও এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী (৮৩) আজ বুধবার (১২ মার্চ) বাংলাদেশ সময় সকাল ৭টা ৩১ মিনিটে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আগামীকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) বাদ জোহর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।