যমুনা অয়েল কোম্পানি লিমিটেড সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৮০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। লভ্যাংশ ঘোষণার পাশাপাশি আলোচ্য হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে কোম্পানিটির পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে যমুনা অয়েলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৮ টাকা ৭০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪০ টাকা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৭৪ টাকা ৩ পয়সায়।
এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী বছরের ৩১ জানুয়ারি বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটির পর্ষদ। এ-সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৪ ডিসেম্বর। একই দিনে কোম্পানিটির নাম যমুনা অয়েল কোম্পানি লিমিটেড থেকে পরিবর্তন করে যমুনা অয়েল পিএলসি রাখার সিদ্ধান্তে বিনিয়োগকারীদের অনুমোদন নিতে সকাল ১০টায় বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে।
আর্থিক প্রতিবেদন অনুসারে চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) যমুনা অয়েলের ইপিএস হয়েছে ১৩ টাকা ৩৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১১ টাকা ২৪ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৮৯ টাকা ৩০ পয়সায়।
সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে যমুনা অয়েলের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪০ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৩০ টাকা ৮৭ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২২৮ টাকা ৬১ পয়সায়।
সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে যমুনা অয়েলের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩০ টাকা ৮৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৬ টাকা ৮৭ পয়সা। গত ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২০৫ টাকা ৪৯ পয়সায়।
যমুনা অয়েলের সর্বশেষ সার্ভিল্যান্স রেটিং দীর্ঘমেয়াদে ‘ডাবল এ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-ওয়ান’। ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।
২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত যমুনা অয়েলের অনুমোদিত মূলধন ৩০০ কোটি ও পরিশোধিত মূলধন ১১০ কোটি ৪২ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২ হাজার ৪৫৬ কোটি ৭৮ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৪ লাখ ২৪ হাজার ৬০০। এর ৬০ দশমিক শূন্য ৮ শতাংশ রয়েছে সরকারের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩০ দশমিক শূন্য ১, বিদেশী বিনিয়োগকারী দশমিক ৩২ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৯ দশমিক ৫৯ শতাংশ শেয়ার রয়েছে।