ট্রাম্পের শুল্ক বৃদ্ধির হুমকি

যুক্তরাষ্ট্রে বিনিয়োগ প্রতিশ্রুতি রক্ষায় দক্ষিণ কোরিয়ার আশ্বাস

দক্ষিণ কোরিয়া থেকে আমদানীকৃত গাড়ি ও অন্যান্য পণ্যের ওপর শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দক্ষিণ কোরিয়া থেকে আমদানীকৃত গাড়ি ও অন্যান্য পণ্যের ওপর শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরিপ্রেক্ষিতে দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে এশিয়ার দেশটি। ওয়াশিংটনকে আশ্বস্ত করে সিউল বলেছে, দুই দেশের মধ্যকার বিনিয়োগ ও বাণিজ্যিক চুক্তি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ দক্ষিণ কোরিয়া। খবর রয়টার্স।

সামাজিক যোগাযোগমাধ্যমে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট বাণিজ্য চুক্তির শর্তগুলো দ্রুত বাস্তবায়ন করছে না।

গত বছর প্রেসিডেন্ট লি জে মিউংয়ের সঙ্গে হওয়া ওই চুক্তিতে বলা হয়েছিল, মার্কিন ব্যবসায়িক প্রকল্পগুলোয় বড় বিনিয়োগ করবে দক্ষিণ কোরিয়া এবং এর বিপরীতে যুক্তরাষ্ট্র শুল্ক কমাবে। সিউলের কর্মকর্তারা ট্রাম্পের এ আকস্মিক হুমকিতে বিস্ময় প্রকাশ করেছেন।

গত জুলাইয়ে ডোনাল্ড ট্রাম্প ও লি জে মিউং একটি প্রাথমিক বিনিয়োগ চুক্তিতে পৌঁছান। সমঝোতা অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ৩৫ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে দক্ষিণ কোরিয়া।

এশিয়ায় চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশটি থেকে বিশাল অংকের পুঁজি বিদেশে চলে যাওয়া নিয়ে উদ্বেগ থাকলেও শেষ পর্যন্ত এ চুক্তিতে সম্মত হয়েছে সিউল।

ট্রাম্প জানান, গত অক্টোবর দক্ষিণ কোরিয়া সফরের সময়ও তিনি চুক্তির শর্তগুলো মনে করিয়ে দিয়েছিলেন।

কোরীয় পার্লামেন্টে বিনিয়োগসংক্রান্ত বিল পাসে দেরি হওয়ায় ট্রাম্প নতুন ঘোষণা দেন। তিনি জানান, দক্ষিণ কোরিয়া থেকে আমদানীকৃত গাড়ি, কাঠ ও ওষুধসহ সব ধরনের পণ্যের ওপর শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হচ্ছে। তবে এ বাড়তি শুল্ক ঠিক কবে থেকে কার্যকর হবে, তা এখনো স্পষ্ট নয়।

পরিস্থিতি মোকাবেলায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় ব্লু হাউজ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। দেশটির শিল্পমন্ত্রী দ্রুত যুক্তরাষ্ট্র সফর করে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিকের সঙ্গে বৈঠক করবেন। একই সময় একজন শীর্ষ বাণিজ্য দূত ওয়াশিংটনে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিরের সঙ্গে দেখা করবেন।

এদিকে দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন দল জানিয়েছে, বিনিয়োগসংক্রান্ত পাঁচটি বিল বর্তমানে সংসদীয় কমিটিতে পাসের অপেক্ষায় রয়েছে।

আরও