বিকাশের পৃষ্ঠপোষকতায় শাবিপ্রবিতে সিএসই কার্নিভাল

তরুণদের প্রযুক্তিগত দক্ষতা ও বিশ্লেষণী সক্ষমতা বৃদ্ধিতে জোর

তরুণদের প্রোগ্রামিং দক্ষতা ও বিশ্লেষণী সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে ‘সিএসই কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

বিকাশের পৃষ্ঠপোষকতায় দুই দিনব্যাপী এ আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় দেশের ৮০টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১২০টি দল অংশ নেয়। পাশাপাশি হ্যাকাথনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৫০টি দল বাস্তব সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধান উপস্থাপন করে। বিকাশের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

প্রতিযোগিতার পাশাপাশি ফিনটেক, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), উদ্ভাবন, ডিজিটাল ফাইন্যান্স এবং ভবিষ্যতের কর্মসংস্থান নিয়ে একাধিক সেশনের আয়োজন করা হয়। এসব সেশনে দেশের শিক্ষাবিদ, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং বিকাশের প্রডাক্ট অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রকৌশলীরা শিক্ষার্থীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেন।

আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় বুয়েটের ‘সিলভার হকস’ দল চ্যাম্পিয়ন হয়। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে বুয়েটের ‘সুপারনোভা’ এবং রুয়েটের ‘জ্যোতি চাষী’ দল। হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয় শাবিপ্রবির ‘জিএনজি’ দল। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে বুয়েটের ‘নেক্সাস’ এবং তিনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘আরেকটা টিম’।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম, বিকাশের চিফ প্রডাক্ট অ্যান্ড টেকনোলজি অফিসার আজমল হুদা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ এবং শাবিপ্রবির সিএসই বিভাগের বিভাগীয় প্রধান মো. ফরহাদ রাব্বী।

বিকাশ জানিয়েছে, প্রযুক্তি খাতের দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে ক্যাম্পাসভিত্তিক প্রযুক্তি উদ্যোগ, উদ্ভাবনী প্রতিযোগিতা ও দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে পৃষ্ঠপোষকতা করে আসছে। পাশাপাশি শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে ‘বিটেকউইজ’, ‘বি নেক্সট’ ও ‘বি হাইভ’-এর মতো বিভিন্ন কর্মসূচিও পরিচালনা করছে।

আরও