২৪ ক্লাবের অংশগ্রহণে শুরু হচ্ছে ‘উল্লাস’ স্পোর্টসফেস্ট

স্পোর্টসফেস্টের আয়োজন ও বিস্তারিত তুলে ধরতে গতকাল রাজধানীর গুলশান সেন্ট্রাল পার্ক অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্সের বাস্কেটবল কোর্টে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

দেশের ২৪টি ক্লাবের অংশগ্রহণে ৩০ অক্টোবর শুরু হচ্ছে ‘উল্লাস’ ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্টের দ্বিতীয় আসর। গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেড আয়োজিত এ ক্রীড়া উৎসবে ১৩টি ইভেন্টে অংশ নেবেন ১ হাজার ২০০-এর বেশি ক্রীড়াবিদ। সপ্তাহব্যাপী এ আয়োজন শেষ হবে আগামী ৭ নভেম্বর।

স্পোর্টসফেস্টের আয়োজন ও বিস্তারিত তুলে ধরতে গতকাল রাজধানীর গুলশান সেন্ট্রাল পার্ক অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্সের বাস্কেটবল কোর্টে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে আয়োজক ক্লাবের সভাপতি ডা. ওয়াহিদুজ্জামান (তমাল), সেক্রেটারি জেনারেল ও আয়োজক কমিটির চেয়ারম্যান মেহেদী হাসানসহ ক্লাবের কর্মকর্তা এবং আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্পোর্টসফেস্টের গোল্ড স্পন্সর ওরিয়ন ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জেরিন করীমও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান জানান, ৩০ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘উল্লাস’ ২০২৬-এর কার্যক্রম শুরু হবে। এরপর ৭ নভেম্বর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এ আয়োজন। এবারের আসরে ১০০ বল ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল, দাবা, সাতজনের ফুটবল, গলফ, আট বল পুল, প্যাডেল বল, সাঁতার, টেবিল টেনিস, টেনিস, কুইজ ও আর্ম রেসলিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে গুলশান ইয়ুথ ক্লাবের সভাপতি ডা. ওয়াহিদুজ্জামান জানান, ‘উল্লাস’ ২০২৬ সফল ও স্মরণীয় করে তুলতে অংশগ্রহণকারী ক্লাব ও ক্রীড়াবিদদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এছাড়া ক্রীড়াঙ্গনের প্রসারে তাদের অংশগ্রহণ ও অঙ্গীকারের জন্য তিনি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে আয়োজনে সহযোগিতার জন্য পৃষ্ঠপোষক ও অংশীদার প্রতিষ্ঠানগুলোর প্রতিও ধন্যবাদ জানান তিনি।

গুলশান সেন্ট্রাল পার্ক অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্সের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ক্লাবটির ওপর অর্পণ করায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন সভাপতি। তিনি বলেন, ‘এ আস্থা ও সহযোগিতার মর্যাদা রক্ষা করে কমপ্লেক্সটির সুষ্ঠু রক্ষণাবেক্ষণ, উন্নয়ন ও কার্যকর ব্যবহারের মাধ্যমে বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণে কাজ করতে চায় ক্লাবটি।’

সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির প্রেস, মিডিয়া ও মার্কেটিং কো-অর্ডিনেটর অজয় কুমার কুণ্ডু অতিথি, অংশগ্রহণকারী ক্লাবের প্রতিনিধি, পৃষ্ঠপোষক ও গণমাধ্যমকর্মীদের স্বাগত জানান। অনুষ্ঠানে ক্লাবের নির্বাহী কমিটির সদস্য, অংশগ্রহণকারী ক্লাবগুলোর সমন্বয়ক, বিভিন্ন ইভেন্টের কনভেনর ও কো-কনভেনর এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

আরও