আগামী বছরের ৩১ মার্চের মধ্যে চীনের উহান শহরে গাড়ি তৈরির কারখানা বন্ধ করার পরিকল্পনা করছে নিশান মোটর কোম্পানি লিমিটেড। পরিকল্পনার সঙ্গে যুক্ত সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। চীনা অটোমেকারদের তীব্র প্রতিযোগিতার মুখে পড়ে উৎপাদন কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
উহান প্লান্টের বার্ষিক উৎপাদন সক্ষমতা তিন লাখ ইউনিট গাড়ি। তবে ২০২২ সালে চালু হওয়ার পর কারখানাটি প্রতি বছর প্রায় ১০ হাজার গাড়ি উৎপাদন করতে পেরেছে। এখানে নিশানের বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) আরিয়া ও এক্স-ট্রেইল এসইউভি মডেল তৈরি করা হয়।
ডংফেং মোটর করপোরেশনের কাছ থেকে ভাড়া নেয়া কারখানাটি প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স দেখাতে পারেনি। স্থানীয় চীনা গাড়ি নির্মাতাদের তুলনায় নিশানের বাজার দখল দুর্বল হয়ে পড়েছে। ফলে বড় মাপের উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও কারখানাটি টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না।
এদিকে আর্থিক দিক থেকেও কঠিন সময় পার করছে নিশান। সম্প্রতি কোম্পানিটি জানিয়েছে, ২০২৫ অর্থবছর শেষে তাদের নিট ক্ষতি ৭০-৭৫ হাজার কোটি ইয়েনে (প্রায় ৪৮৭-৫২২ কোটি ডলার) দাঁড়াতে পারে। তারা বলছে, মূলত আর্থিক প্রতিবন্ধকতা ও সম্পদের মূল্যহ্রাস এ ক্ষতির জন্য দায়ী।
চীনের বাজার থেকে আংশিকভাবে পিছু হটলেও এটি নিশানের বৈশ্বিক পুনর্গঠন পরিকল্পনারই অংশ। বর্তমানে প্রতিষ্ঠানটি ব্যয় কমানো ও লাভজনক বাজারে মনোযোগ বাড়ানোর কৌশল অনুসরণ করছে।
বিশ্লেষকদের মতে, চীনে স্থানীয় ব্র্যান্ডগুলোর দ্রুত বিকাশের ফলে বিদেশী গাড়ি নির্মাতাদের জন্য প্রতিযোগিতা কঠিন হয়ে উঠেছে। নিসানের উহান কারখানার ব্যর্থতা এ বাস্তবতাকেই সামনে নিয়ে এসেছে। সামনের দিনে নিশান আরো বৈশ্বিক উৎপাদন কাঠামো পুনর্বিন্যাস করতে পারে বলে ধারণা করা হচ্ছে।