আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে

বিশ্বের দুই বৃহত্তম অপরিশোধিত জ্বালানি তেল ব্যবহারকারী দেশ যুক্তরাষ্ট্র ও চীন।

বিশ্বের দুই বৃহত্তম অপরিশোধিত জ্বালানি তেল ব্যবহারকারী দেশ যুক্তরাষ্ট্র ও চীন। এ দুই দেশের মধ্যে আসন্ন বাণিজ্য আলোচনা নিয়ে আশাবাদের কারণে গতকাল আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম ১ শতাংশের বেশি বেড়েছে। খবর রয়টার্স।

অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্ট। গতকাল এর দাম ৭৪ সেন্ট বা ১ দশমিক ২ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য পৌঁছেছে ৬১ ডলার ৮৬ সেন্টে। অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম বেড়েছে ৮০ সেন্ট বা প্রায় ১ দশমিক ৪ শতাংশ। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৫৮ ডলার ৮৭ সেন্টে।

সুইজারল্যান্ডভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান এইচবির বিশ্লেষক ওলে হভালবাই বলেন, ‘বর্তমানে বাজার প্রায় ব্যারেলপ্রতি ৬১ ডলারের ওপর স্থিতিশীল আছে। এর সঙ্গে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্ভাব্য শুল্ক বিরোধ সমাধানের প্রাথমিক আলোচনার আশাবাদ বাজারকে কিছুটা সহায়তা দিচ্ছে।’

যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ১০ মে সুইজারল্যান্ডে চীনের শীর্ষ অর্থনৈতিক কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন। বাণিজ্যযুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনীতি ব্যাহত হওয়ায় এটি একটি গুরুত্বপূর্ণ আলোচনা বলে বিবেচিত হচ্ছে।

বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্য দ্বন্দ্ব বৈশ্বিক জ্বালানি চাহিদা হ্রাস করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেক ও রাশিয়াসহ অন্যান্য সহযোগী দেশ নিয়ে ওপেক প্লাস আগামী জুনেও জ্বালানি তেল উত্তোলন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এটিও পণ্যটির দামে উল্লেখযোগ্য প্রভাব ফেলছে।

আরও