পিকেএসএফের ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিমের (সিইএস) আওতায় এ চুক্তিগুলো সম্পন্ন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে ২০২৬-২৭ অর্থবছরে পিকেএসএফের অংশীদার সংগঠনগুলোকে মোট ২ হাজার ৮০০ কোটি টাকার গ্যারান্টিযুক্ত ঋণ দেয়া হবে, যা ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়নে ব্যবহৃত হবে। পিকেএসএফের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
চুক্তির আওতায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, এনসিসি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, ঢাকা ব্যাংক, মধুমতি ব্যাংক, সীমান্ত ব্যাংক এবং ইউএই-বাংলাদেশ ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড (ইউবিকো)।
রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবন-১-এ সোমবার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় পিকেএসএফের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. হাসান খালেদ এবং সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর এমডি বা ডিএমডি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ফজলুল কাদের বলেন, ‘নিম্ন আয়ের জনগোষ্ঠীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার উদ্যোগে বাণিজ্যিক ব্যাংকগুলোকে আনুষ্ঠানিকভাবে সম্পৃক্ত করতেই এ স্কিম চালু করা হয়েছে। এ ব্যবস্থায় ব্যাংকগুলো পিকেএসএফের অংশীদার সংগঠনগুলোকে ঋণ দেবে, আর সেই অর্থ ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করা হবে। ঋণের বিপরীতে পিকেএসএফ ক্রেডিট গ্যারান্টি দেবে এবং তাদের তদারকি ব্যবস্থার মাধ্যমে ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হবে।’
তিনি আরো বলেন, ‘ক্ষুদ্র ও ছোট উদ্যোক্তা এবং প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক ঋণে প্রবেশাধিকার বাড়ানো অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ এ লক্ষ্য অর্জনে পিকেএসএফের ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন পিকেএসএফের এমডি।