এতে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যবসায়ী ও সিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
সেমিনারে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার মূল প্রবন্ধ উপস্থাপনা প্রদান করেন। তিনি জানান, বিশ্বমানের কমোডিটি এক্সচেঞ্জ চালুর জন্য সিএসইর যাবতীয় রেগুলেটরি কাঠামো, আইন-বিধিবিধান প্রণয়ন এবং লেনদেনের জন্য আধুনিক প্রযুক্তিগত প্লাটফর্ম তৈরির কাজ সম্পন্ন হয়েছে। মায়ানমার, ভারত ও পাকিস্তানের মতো পার্শ্ববর্তী দেশগুলোতেও কমোডিটি এক্সচেঞ্জ চালু রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘একটি স্ট্যান্ডার্ড কমোডিটি এক্সচেঞ্জ চালু হলে স্পট মার্কেটের পণ্যের মূল্য-অস্থিরতা ব্যবস্থাপনার সুযোগ তৈরি হবে, যা সামষ্টিক অর্থনীতি ও জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’ নতুন এ প্লাটফর্মে অংশ নেয়ার জন্য তিনি খাতুনগঞ্জের ব্যবসায়ীদের প্রয়োজনীয় প্রস্তুতির আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম বলেন, ‘আমাদের অর্থনীতিতে একটি কার্যকর কমোডিটি মার্কেটের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। বিশেষ করে স্পট মার্কেটে বিদ্যমান নানাবিধ ঝুঁকি এ এক্সচেঞ্জের মাধ্যমে অনেকটাই কমবে। এ সম্ভাবনাময় উদ্যোগের সঙ্গে কাজ করতে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন গভীরভাবে আগ্রহী।’ ব্যবসায়ীদের দক্ষতা বাড়াতে সামনে আরো প্রশিক্ষণ ও সচেতনতামূলক কর্মশালা আয়োজনের অনুরোধ জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে সিএসইর পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম বলেন, ‘বিশাল সম্ভাবনাময় এ মার্কেটের মাধ্যমে পুঁজিবাজারের পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনীতি লাভবান হবে। তিন বছর ধরে সিএসই কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। বর্তমানে মার্কেট অংশগ্রহণকারীদের প্রস্তুত করার কাজ চলছে। সরকার ও নিয়ামক সংস্থাগুলোর সহযোগিতায় অবশিষ্ট প্রক্রিয়া দ্রুত শেষ করে শিগগিরই এটি চালু করা সম্ভব হবে।’
সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিএসইর জেনারেল ম্যানেজার ও হেড অব রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন মোহাম্মদ মর্তুজা আলম, জেনারেল ম্যানেজার ও হেড অব বিজনেস অ্যান্ড মার্কেট ডেভেলপমেন্ট ডিভিশন মোহাম্মদ মনিরুল হক এবং ডিজিএম ও হেড অব লিস্টিং অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট একেএম শাহরোজ আলম। সেমিনার শেষে প্রশ্নোত্তর ও উন্মুক্ত মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সিএসইর নীতিনির্ধারকরা। —বিজ্ঞপ্তি