চা দোকানি বাবা-মায়ের শ্রম ও তাদের সন্তানদের শিক্ষাগত সাফল্যের স্বীকৃতি দিতে ‘নাম্বার ওয়ান বাবার কৃতী সন্তান সংবর্ধনা ২০২৬’ আয়োজন করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) জনপ্রিয় ব্র্যান্ড নাম্বার ওয়ান। এ আয়োজনে সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ অর্জনকারী ১৩৫ জন চা দোকানির মেধাবী সন্তান এবং তাদের বাবা-মাকে সংবর্ধিত করা হয়।
গতকাল সকাল ১০টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থসহ বিভিন্ন উপহার তুলে দেয়া হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রস্তুতির জন্য আগামী দুই বছর শিক্ষাসহায়তা দেয়ার ঘোষণা দেয় ব্র্যান্ডটি। এ কর্মসূচির আওতায় কৃতী শিক্ষার্থীরা ‘১০ মিনিট স্কুল’ থেকে এইচএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক অনলাইন একাডেমিক কোর্স করার সুযোগ পাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লেখক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক এবং ১০ মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। আনিসুল হক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘জীবনে বড় হওয়ার জন্য শুধু ভালো ফল করাই যথেষ্ট নয়; প্রয়োজন স্বপ্ন দেখা, পরিশ্রম করা এবং প্রতিকূলতার মধ্যেও এগিয়ে যাওয়ার সাহস। সীমাবদ্ধতা যেন তোমাদের স্বপ্নের পথে বাধা হয়ে না দাঁড়ায়।’
অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে কক্সবাজারের বায়তুশ শরফ স্কুলের শিক্ষার্থী দিয়া চৌধুরী বলে, ‘এইচএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য এ শিক্ষাসহায়তা আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। ভবিষ্যতে ভালোভাবে পড়াশোনা করে পরিবার ও দেশের মুখ উজ্জ্বল করতে চাই।’
অনুষ্ঠানে এমজিআইয়ের সিনিয়র জেনারেল ম্যানেজার (অডিট) সাজ্জাদ হোসেন, ডিজিএম (ব্র্যান্ড) মুহাম্মদ মাহবুবুর রহমান, এজিএম অর্জুন চন্দ্র নাথ, আব্দুর রহিম শেখ, রতন মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।