বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উৎপাদন সক্ষমতা, পণ্যের বৈচিত্র্য, টেকনিক্যাল অ্যাপারেল ও টেকসই উৎপাদন ব্যবস্থা আন্তর্জাতিক ক্রেতাদের সামনে তুলে ধরতে হংকংয়ে রোডশো আয়োজন করতে যাচ্ছে এইচএসবিসি বাংলাদেশ ও বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। আগামী ২৮ অক্টোবর হংকংয়ের আইল্যান্ড শাংরি-লা হোটেলে ‘বাংলাদেশ অ্যাপারেল রোডশো’ শীর্ষক এ আয়োজন অনুষ্ঠিত হবে।
হংকংয়ে বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের সহযোগিতায় আয়োজিত এ রোডশোয় তৈরি পোশাক খাতের সক্ষমতা নিয়ে উপস্থাপনা, বৈশ্বিক খুচরা বাজারের সম্ভাবনা ও সোর্সিংয়ের নতুন প্রবণতা নিয়ে আলোচনা, প্যানেল আলোচনা এবং পোশাক প্রদর্শনীর আয়োজন থাকবে। এতে উদ্ভাবন ও টেকনিক্যাল অ্যাপারেলের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হবে। এইচএসবিসি হংকংয়ের গ্লোবাল নেটওয়ার্ক ব্যাংকিং বিভাগের প্রধান অলিভার টি জোনসসহ ব্যাংকটির জ্যেষ্ঠ কর্মকর্তারা এতে অংশ নেবেন।
আন্তর্জাতিক সোর্সিং কৌশলের পরিবর্তন ও বৈশ্বিক বাজারের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষাপটে বাংলাদেশের পোশাক খাতের সক্ষমতা তুলে ধরা এবং আন্তর্জাতিক বাণিজ্য ও সহযোগিতার নতুন সুযোগ তৈরিই এ আয়োজনের লক্ষ্য। এর মাধ্যমে আন্তর্জাতিক ক্রেতা ও শিল্পসংশ্লিষ্টদের মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি বৈশ্বিক পোশাক সরবরাহব্যবস্থার পরিবর্তিত চাহিদা ও ব্যবসার সম্ভাবনা নিয়ে আলোচনার সুযোগ তৈরি হবে।
এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমান এবং বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান যৌথভাবে এ আয়োজন করবেন। আন্তর্জাতিক নেটওয়ার্ক ও বৈশ্বিক বাণিজ্যে অভিজ্ঞতার মাধ্যমে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক বাজারে প্রবেশ এবং আন্তসীমান্ত বাণিজ্য সম্প্রসারণে সহায়তা করার অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।
বিজিএমইএ বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারকদের প্রতিনিধিত্বকারী শীর্ষ সংগঠন হিসেবে এ আয়োজনে শিল্প খাতের অভিজ্ঞতা তুলে ধরবে। এ সহযোগিতার মাধ্যমে পণ্য ও বাজারের বৈচিত্র্য বাড়ানো, প্রতিযোগিতা সক্ষমতা জোরদার এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির জন্য আন্তর্জাতিক সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হবে।