প্রাইম ব্যাংক পিএলসি এখন থেকে ইনডিটেকস সফটওয়্যার লিমিটেডের কর্মীদের সমন্বিত পে-রোল ব্যাংকিং সেবা দেবে। এ লক্ষ্যে সম্প্রতি রাজধানীতে ব্যাংকের করপোরেট কার্যালয় প্রাইম ভিউতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ এবং ইনডিটেকস সফটওয়্যারের ভাইস চেয়ারম্যান নাঈম চৌধুরী ও চিফ অপারেটিং অফিসার মো. রোমেনিও নিমেরিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, চুক্তির আওতায় ইনডিটেকস সফটওয়্যারের কর্মীরা প্রাইম ব্যাংকে মুনাফাভিত্তিক স্যালারি অ্যাকাউন্ট, ডুয়াল কারেন্সি ডেবিট কার্ড, লাইফস্টাইল সুবিধা, কাস্টমাইজড ঋণ ও ক্রেডিট কার্ডসহ বিভিন্ন অগ্রাধিকারমূলক ব্যাংকিং সেবা পাবেন। পাশাপাশি ব্যাংকের ওমনি ডিজিটাল প্লাটফর্ম ‘প্রাইমপে’র মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বেতন পরিশোধ এবং দ্রুত ও নির্বিঘ্নে করপোরেট লেনদেনের সুবিধা পাবেন তারা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের এসভিপি ও হেড অব পে-রোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস; এভিপি ও বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার গোলাম ইফতেখার হোসেন এবং এভিপি ও হেড অব পে-রোল সার্ভিস তাসনিম রহমান। অন্যদিকে ইনডিটেকস সফটওয়্যারের পক্ষে আরো ছিলেন হেড অব এইচআর মোহাম্মদ নুরুল ইসলাম খান আহসান এবং এইচআর ও অফিস অ্যাসোসিয়েট মারওয়া নূর সানি।