বিশ্ববাজারে বেড়েছে চকলেট তৈরির মূল কাঁচামাল কোকোর দাম। এশিয়া ও ইউরোপে কোকো প্রক্রিয়াজাতের পরিমাণ প্রত্যাশার চেয়ে বেশি বাড়ায় পণ্যটির চাহিদা নিয়ে আশাবাদ তৈরি হয়েছে। অন্যদিকে, বিশ্বের শীর্ষ কোকো উৎপাদনকারী দেশ আইভরি কোস্টে অতিবৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে ফসল সংগ্রহ ও সরবরাহ। পাশাপাশি আগামী মৌসুমে উৎপাদন কমার আশঙ্কাও দাম বৃদ্ধিতে ভূমিকা রাখছে। খবর বারচার্ট।
সর্বশেষ তথ্যানুযায়ী, গত বৃহস্পতিবার নিউইয়র্কের ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) আগামী ডিসেম্বরের চুক্তিতে কোকোর দাম ১ দশমিক ৬৭ শতাংশ বেড়েছে। একই সময়ে লন্ডনের বাজারে দাম বেড়েছে ১ দশমিক ৪ শতাংশ।
কোকো অ্যাসোসিয়েশন অব এশিয়ার তথ্য অনুযায়ী, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এশিয়ায় কোকো প্রক্রিয়াজাতের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ২৯ শতাংশ বেড়ে ২ লাখ ৩৩ হাজার ৭৬৭ টনে দাঁড়িয়েছে। বাজার বিশ্লেষকদের পূর্বাভাস ছিল, এ সময়ে অঞ্চলটির প্রক্রিয়াজাত বাড়বে ১৫ শতাংশ। গত প্রান্তিকে ইউরোপেও কোকো প্রক্রিয়াজাত ৩ দশমিক ২ শতাংশ বেড়ে ৩ লাখ ৪৮ হাজার ২১৫ টনে পৌঁছেছে, যা ৩ দশমিক ৯ শতাংশ হ্রাসের আশঙ্কা করা হয়েছিল।
এদিকে আইভরি কোস্টে অতিবৃষ্টির কারণে কোকো সংগ্রহ ও পরিবহনে ব্যাঘাত ঘটছে। দেশটিতে সম্প্রতি নতুন মৌসুমের ফসল সংগ্রহ শুরু হয়েছে। কিন্তু অতিবৃষ্টিতে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়া ও সেতু ভেঙে পড়ায় কৃষকরা অনেক খামারে যেতে পারছেন না। ফলে বন্দরে কোকো পৌঁছাতেও দেরি হচ্ছে। এর প্রভাবে গত বুধবার নিউইয়র্কে কোকোর দাম এক মাসের এবং লন্ডনে ছয় সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল।