বৈশ্বিক বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংক এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) ও নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) যৌথভাবে সিটি ব্যাংক পিএলসির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর আওতায় সিটি ব্যাংক মোট ৭৫ মিলিয়ন বা সাড়ে ৭ কোটি ডলার দীর্ঘমেয়াদি ঋণ পাবে। এর মধ্যে এআইআইবি ৫০ মিলিয়ন ও এনডিবি ২৫ মিলিয়ন ডলার দেবে।
এ ঋণ বাংলাদেশে বেসরকারি খাতের বিভিন্ন প্রকল্পে দীর্ঘমেয়াদি তহবিল সরবরাহ করবে, বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি ও টেকসই অবকাঠামো খাতে। এর মাধ্যমে দেশের অবকাঠামো অর্থায়নের ঘাটতি পূরণ ছাড়াও বিদ্যুৎ, জ্বালানি দক্ষতা, ই-মোবিলিটি ও ডিজিটাল অবকাঠামো খাতে বিনিয়োগ ত্বরান্বিত হবে।
এ উপলক্ষে সম্প্রতি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মাসরুর আরেফিন, এআইআইবির ডিরেক্টর জেনারেল (ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস অ্যান্ড ফান্ডস ক্লায়েন্টস, গ্লোবাল) গ্রেগরি লিউ এবং এনডিবির ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড সিওও রোমান সেরভ ও ডিরেক্টর জেনারেল বিন হান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও হোলসেল ব্যাংকিং প্রধান মেসবাউল আসীফ সিদ্দিকী।
সিটি ব্যাংক কর্তৃপক্ষ বলছে, বাংলাদেশে কোনো বেসরকারি ব্যাংক বা প্রতিষ্ঠানের সঙ্গে সার্বভৌম গ্যারান্টি ছাড়াই এআইআইবির এটিই প্রথম অন-লেন্ডিং সুবিধা। সিটি ব্যাংকের জন্য এ ঋণ দেশে বেসরকারি খাতের মূলধন বিনিয়োগকে আরো গতিশীল, দীর্ঘমেয়াদি অবকাঠামো ঋণ দেয়ার সুযোগ সৃষ্টি ও গুরুত্বপূর্ণ খাতগুলোয় প্রকল্প বাস্তবায়নে সহায়তা করবে।
এআইআইবি ও এনডিবি থেকে ঋণপ্রাপ্তি প্রসঙ্গে সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন বলেন, ‘এআইআইবি ও এনডিবির সঙ্গে এ দীর্ঘমেয়াদি অর্থায়ন অংশীদারত্ব সিটি ব্যাংকের প্রতি তাদের আস্থার বহিঃপ্রকাশ। একই সঙ্গে এটি আমাদেরকে নবায়নযোগ্য জ্বালানি ও অবকাঠামো খাতে বিনিয়োগ ত্বরান্বিত করতে সক্ষম করবে, যা দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
সংশ্লিষ্টরা জানান, এ অর্থায়ন সহযোগিতা এআইআইবি ও এনডিবির অব্যাহত প্রচেষ্টাকে সামনে নিয়ে যাচ্ছে। বৈশ্বিক বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংক দুটি মূলত সদস্য দেশগুলোর অর্থনীতিতে স্থিতিশীল ও টেকসই অবকাঠামোগত পরিবেশ গড়ে তুলতে সিটি ব্যাংকের মতো প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে কাজ করছে।