কাস্টডিয়ান ব্যাংকগুলোর পর্ষদ, সিআইবি ও আর্থিক বিবরণীতে স্বাক্ষর করা-সংক্রান্ত পৃথক তিনটি নির্দেশনা গতকাল জারি করা হয়েছে। এ নির্দেশনাগুলো অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে কমিশন।
বিএসইসি জানিয়েছে, পুঁজিবাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় মিউচুয়াল ফান্ড বিধিমালা ২০২৫-এর কয়েকটি বিধি স্পষ্টীকরণ ও সহজ করে এ নির্দেশনা জারি করা হয়েছে। এর মধ্যে মিউচুয়াল ফান্ডের কাস্টডিয়ান হিসেবে দায়িত্ব পালনকারী বিদেশী ব্যাংকের জন্য পরিচালনা পর্ষদের বাধ্যবাধকতা শিথিল করে একটি নির্দেশনা জারি করা হয়েছে। এ নির্দেশনায় বলা হয়েছে, মিউচুয়াল ফান্ড বিধিমালার বিধি ৪৩(৬) অনুযায়ী, ফান্ডের ব্যাংক ও সিকিউরিটিজ হিসাব পরিচালনার জন্য কাস্টডিয়ান ব্যাংকের পরিচালনা পর্ষদ কর্তৃক মনোনীত স্বাক্ষরকারী থাকার বাধ্যবাধকতা রয়েছে। তবে বিদেশী মালিকানাধীন ব্যাংকগুলোর স্থানীয় সাংগঠনিক কাঠামোয় কোনো পরিচালনা পর্ষদ না থাকায় জটিলতা তৈরি হচ্ছিল। নতুন নির্দেশনায় বলা হয়েছে, বিদেশী ব্যাংকগুলোর ক্ষেত্রে পরিচালনা পর্ষদের পরিবর্তে তাদের স্থানীয় ‘ব্যবস্থাপনা কমিটি’ বা মনোনীত কর্মকর্তা বিধি পূরণের লক্ষ্যে পরিচালনা পর্ষদের পক্ষে সব কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
কাস্টডিয়ান ব্যাংকের পরিচালকদের পৃথক সিআইবি রিপোর্ট দাখিলের নিয়ম বাতিল করে একটি নির্দেশনা জারি করেছে বিএসইসি। এ নির্দেশনায় বলা হয়েছে, মিউচুয়াল ফান্ড বিধিমালা ২০২৫-এর বিধি ৯(ঘ) বাস্তবায়নের লক্ষ্যে কোনো ব্যাংক কাস্টডিয়ান হিসেবে নিবন্ধিত হতে চাইলে আগে ব্যাংকের সব পরিচালকের পৃথক পৃথক সিআইবি রিপোর্ট বা আন্ডারটেকিং দাখিল করতে হতো। নতুন নির্দেশনা অনুসারে এ প্রক্রিয়া সহজ করে বলা হয়েছে, এখন থেকে পৃথক রিপোর্টের পরিবর্তে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক ইস্যুকৃত একটিমাত্র প্রত্যয়নপত্র দাখিল করলেই চলবে। তবে ওই প্রত্যয়নপত্রে নিশ্চিত করতে হবে যে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদকৃত তথ্য অনুযায়ী ব্যাংকের কোনো পরিচালকই ঋণখেলাপি নন।
আর্থিক বিবরণীতে স্বাক্ষরের শর্ত শিথিল করে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, মিউচুয়াল ফান্ড বিধিমালা ২০২৫-এর বিধি ৮০(৩)-এর উদ্দেশ্য পূরণের জন্য কোনো ব্যাংক মিউচুয়াল ফান্ড স্কিমের কাস্টডিয়ান হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে সেই ফান্ডের সম্পদ ব্যবস্থাপক কর্তৃক প্রস্তুতকৃত ফান্ডের আর্থিক বিবরণীতে হেফাজতকারী ব্যাংকের স্বাক্ষরের শর্ত শিথিল করা হয়েছে। তবে এক্ষেত্রে ওই ব্যাংকের পরিচালনা পর্ষদ কর্তৃক মনোনীত কোনো কর্মকর্তা আর্থিক বিবরণীতে অন্তর্ভুক্ত হেফাজতাধীন সম্পদের বিবরণীর যথার্থতা এবং হেফাজতসংক্রান্ত তথ্যের বিষয়ে একটি প্রত্যয়নপত্র দেবেন বলে শর্তারোপ করা হয়েছে।