গৃহস্থালিতে ব্যবহৃত গ্যাসের রান্নায় দুর্ঘটনা রোধে ১৭টি সেফটি স্ট্যান্ডার্ড প্রণয়ন করতে যাচ্ছে পণ্যের জাতীয় মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
রাজধানীর একটি হোটেলে গতকাল অনুষ্ঠিত ‘সেফটি স্ট্যান্ডার্ডস ফর ডমেস্টিক গ্যাস কুকিং অ্যাপ্লায়েন্সেস’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসটিআইয়ের মহাপরিচালক এসএম ফেরদৌস আলম এ তথ্য জানান। বিএসটিআই, পেট্রোবাংলা ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) যৌথভাবে কর্মশালাটির আয়োজন করে। এতে বিশেষ অতিথি ছিলেন এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিঅং ও পেট্রোবাংলার পরিচালক (পরিকল্পনা) আব্দুল মান্নান পাটোয়ারী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএসটিআইয়ের পরিচালক (মান) মো. সাইদুল ইসলাম।
কর্মশালায় বিএসটিআইয়ের মহাপরিচালক ফেরদৌস আলম বলেন, ‘গৃহস্থালিতে গ্যাসের চুলায় রান্নার সময় দুর্ঘটনার একটি বড় কারণ হলো সেফটি কুকিং অ্যাপ্লায়েন্স সম্পর্কে সচেতনতা না থাকা। দেরিতে হলেও বিএসটিআই এ ধরনের সেফটি স্ট্যান্ডার্ড প্রণয়ন করতে যাচ্ছে।’
আন্তর্জাতিক মানের সঙ্গে সংগতি রেখে এসব স্ট্যান্ডার্ড প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘স্ট্যান্ডার্ডগুলো এরই মধ্যে বিএসটিআইয়ের টেকনিক্যাল কমিটির অনুমোদন পেয়েছে। এরপর উচ্চতর বিভাগীয় কমিটিতে অনুমোদন পেলে তা বাস্তবায়ন শুরু করবে বিএসটিআই। এসব নিরাপত্তা মান বাস্তবায়ন হলে গ্যাসের চুলার রান্নায় দুর্ঘটনা কমানো সম্ভব হবে।’
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসটিআইয়ের উপপরিচালক (প্রকৌশল) মো. মুরসালিন মাহফুজ। এছাড়া আরো বক্তব্য দেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির সহকারী অধ্যাপক মাসরুর-উর-রহমান, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের জ্যেষ্ঠ সহকারী পরিচালক আবদুর রহিম, জেএমআই এলপিজির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী লিয়াকত আলী প্রমুখ।