২০২৩-২৪ অর্থবছরে এসএমই ফাউন্ডেশনের বিভিন্ন কর্মসূচির সরাসরি সুবিধাভোগী প্রায় ৩৫ হাজার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা। তাদের মধ্যে পুরুষ ১৭ হাজার ১ এবং নারী ১৭ হাজার ৭১৯ জন। এ অবস্থায় এসএমই খাতের উন্নয়ন ও কর্মসংস্থান বাড়াতে বাজেটে সুনির্দিষ্ট অর্থ বরাদ্দের দাবি তোলেন উদ্যোক্তারা। রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে গতকাল এসএমই ফাউন্ডেশনে ১৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ তথ্য জানান ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. মুসফিকুর রহমান।
সভায় এসএমই ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদ এবং সাধারণ পর্ষদের সদস্যদের কাছে ২০২৩-২৪ অর্থবছরে বাস্তবায়িত কর্মসূচির ওপর বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী। তিনি জানান, গত অর্থবছরে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়নে ৬৯২টি কর্মসূচি বাস্তবায়ন করে এসএমই ফাউন্ডেশন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ১১তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৪ এবং জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৩ প্রদান, যশোর ও ময়মনসিংহে বিভাগীয় এসএমই পণ্য মেলা ২০২৩ আয়োজন, সপ্তম ক্রেতা-বিক্রেতা সম্মিলন ও পণ্য মেলা ২০২৩ আয়োজন, চট্টগ্রামে ১৪তম ইন্টারন্যাশনাল এসএমই উইমেন এক্সপো ২০২৪ আয়োজন, এসএমই উদ্যোক্তাদের ঋণ প্রদানের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশনের সঙ্গে ২৩টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষর, ময়মনসিংহে বিভাগীয় এসএমই উদ্যোক্তা-ব্যাংকার সম্মেলন ২০২৩ আয়োজন, চট্টগ্রাম ও রাজশাহীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্যোক্তা হতে উদ্বুদ্ধকরণ (ওয়াইইএসএস) কর্মসূচির আয়োজন, রাজশাহীর কালুহাটি পাদুকা শিল্প ক্লাস্টারে কমন ফ্যাসিলিটি সেন্টার (সিএফসি) স্থাপন এবং যশোর ও সিরাজগঞ্জে এসএমই ক্লাস্টারে কমন ফ্যাসিলিটি সেন্টার (সিএফসি) স্থাপনের সম্ভাব্যতা যাচাই, ফাউন্ডেশনের অনলাইন পণ্য প্রদর্শনী কেন্দ্রে হাজারীবাগের চামড়া এবং জামালপুরের নকশিকাঁথা ক্লাস্টারের উদ্যোক্তা ও পণ্যের তথ্য অন্তর্ভুক্তিকরণ, নারী-উদ্যোক্তাদের সহায়তায় ওয়ান স্টপ ডিজিটাল প্লাটফর্ম ‘ডব্লিউই-হেল্প’ উদ্বোধন, নয়টি প্রতিষ্ঠানের আইএসও ২২০০০:২০১৮ অর্জন, ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের জন্য জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) এসএমই খাতের উন্নয়নে ৩৪টি প্রস্তাব উত্থাপন, ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৪-এ উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন, ১৯তম মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস ২০২৩-এ এসএমই ফাউন্ডেশনের অংশগ্রহণ, ফাউন্ডেশনের প্রকাশনা দর্শনার্থীদের কাছে তুলে ধরতে অমর একুশে বইমেলা ২০২৪-এ অংশগ্রহণ, গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে চারটি জেলায় এসএমই ক্লাস্টার ভিজিট, চারটি ত্রৈমাসিক নিউজলেটার ও ২০২৪ সালের ক্যালেন্ডার প্রকাশ, আন্তর্জাতিক এমএসএমই দিবস ২০২৪ উদযাপন এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে ১৪১টি প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন।
ফাউন্ডেশনের চেয়ারপারসনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গত অর্থবছরের কার্যক্রমের ওপর পরিচালনা পর্ষদের প্রতিবেদন উপস্থাপন ও গ্রহণ, নিরীক্ষিত আর্থিক বিবরণী ও নিরীক্ষকের প্রতিবেদন অনুমোদন এবং ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন করা হয়।
পরিচালনা পর্ষদের প্রতিবেদনের ওপর মতামত ও সুপারিশ প্রদান করেন সাধারণ পর্ষদের সদস্যরা। তারা জানান, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়নে ফাউন্ডেশনের বিভিন্ন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে এ খাতকে আরো এগিয়ে নিতে সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে এসএমই ফাউন্ডেশনকে সমন্বয়কারী সংস্থা হিসেবে ঘোষণা করা জরুরি বলে মনে করেন তারা। পাশাপাশি আরো এসএমই উদ্যোক্তাকে সেবার আওতায় আনতে ফাউন্ডেশনের অনুকূলে বাজেটে সুনির্দিষ্ট অর্থ বরাদ্দেরও দাবি জানান তারা।