তিন সপ্তাহের সর্বোচ্চে তামার দাম

ধাতবপণ্যের শীর্ষ ব্যবহারকারী দেশ চীন। এ দেশে মজুদ কমে যাওয়া ও কাঁচামালের সরবরাহ নিয়ে উদ্বেগের কারণে শুক্রবার আন্তর্জাতিক বাজারে বেড়েছে তামার দাম।

ধাতবপণ্যের শীর্ষ ব্যবহারকারী দেশ চীন। এ দেশে মজুদ কমে যাওয়া ও কাঁচামালের সরবরাহ নিয়ে উদ্বেগের কারণে শুক্রবার আন্তর্জাতিক বাজারে বেড়েছে তামার দাম। ধাতবপণ্যটির দাম বেড়ে তিন সপ্তাহের সর্বোচ্চে পৌঁছেছে। খবর হেলেনিক শিপিং নিউজ, রয়টার্স।

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাসের কপার অফিশিয়াল ওপেন-আউটক্রাই ট্রেডিংয়ে তামার দাম শুক্রবার বেড়েছে টনে দশমিক ৮ শতাংশ। প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ৯ হাজার ১৪৭ ডলারে। একই দিনে এটি সর্বোচ্চ ৯ হাজার ১৭৮ ডলারেও পৌঁছেছিল, যা ১৫ নভেম্বরের পর সর্বোচ্চ।

বৃহস্পতিবার পাওয়া এক খবর অনুযায়ী, চিলির খনি কোম্পানি অ্যান্টোফাগাস্টা ও জিয়াংজি কপার ২০২৫ সালের জন্য কপার কনসেনট্রেট প্রসেসিং ফি উল্লেখযোগ্যভাবে কমানোর চুক্তি করেছে। এতে স্পট মার্কেটে কপার কনসেনট্রেটের পর্যাপ্ত সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

প্রসঙ্গত, ট্রিটমেন্ট চার্জ ডিল বলতে এমন একটি চুক্তিকে বোঝায়, যা খনি কোম্পানি ও পরিশোধনকারী কোম্পানির মধ্যে কপার কনসেনট্রেট প্রক্রিয়াকরণের খরচ নিয়ে হয়। যদি চার্জ কমিয়ে আনা হয়, তাহলে ধরে নেয়া হয় বাজারে কনসেনট্রেটের সরবরাহ সীমিত।

সুকডেন ফাইন্যান্সিয়ালের গবেষণা প্রধান দারিয়া এফানোভা বলেন, ‘‌২০২৫ সালের জন্য নতুন ট্রিটমেন্ট ও রিফাইনিং চার্জ (টিসি/আরসি) থেকে পরিশোধনকারী কোম্পানিগুলোর লাভ কমে আসবে। আগামী বছরের দ্বিতীয়ার্ধ থেকে সরবরাহ নিয়ে সমস্যা তৈরি হতে পারে।’

এফানোভা আরো বলেন, ‘‌বর্তমানে তামার বাজার ডলারের বিনিময় হারের ওপর নির্ভর করেও ওঠানামা করছে।’

এদিকে শুক্রবার সাংহাই ফিউচার এক্সচেঞ্জেও (এসএইচএফই) তামার দাম বেড়েছে। এদিন ধাতবপণ্যটির দাম দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি টনের মূল্য ৭৪ হাজার ৭৩০ ইউয়ানে (১০ হাজার ২৯৩ ডলার ২৫ সেন্ট) পৌঁছেছে। সাপ্তাহিক ভিত্তিতে এ বাজারে পণ্যটির দাম বেড়েছে ১ শতাংশ।

আরও