টানা দ্বিতীয় সপ্তাহের মতো পাম অয়েলের দরপতন

ফিউচার মার্কেটে টানা দ্বিতীয় সপ্তাহের মতো কমেছে মালয়েশীয় পাম অয়েলের দাম।

ফিউচার মার্কেটে টানা দ্বিতীয় সপ্তাহের মতো কমেছে মালয়েশীয় পাম অয়েলের দাম। গত সপ্তাহের লেনদেনের শেষদিনে তা কমেছে ১ শতাংশের বেশি। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, পাম অয়েলের দাম কমার পেছনে ভূমিকা রেখেছে রিঙ্গিতের বিনিময় হার বৃদ্ধি ও আন্তর্জাতিক বাজারে অন্যান্য ভোজ্যতেলের দরপতন। খবর বিজনেস রেকর্ডার।

বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে মার্চে সরবরাহ চুক্তিতে মালয়েশীয় পাম অয়েলের দাম কমেছে টনে ৭৪ রিঙ্গিত বা ১ দশমিক ৮৬ শতাংশ। প্রতি টনের মূল্য নেমেছে ৩ হাজার ৯০৬ রিঙ্গিতে (৯৫৮ ডলার ৭৬ সেন্ট), যা গত ১২ জুনের পর সর্বনিম্ন। এছাড়া সপ্তাহজুড়ে পাম অয়েলের দরপতনের হার ছিল ২ দশমিক ৭৯ শতাংশ।

কুয়ালালামপুরভিত্তিক এক ব্যবসায়ী বলেন, ‘‌ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) অন্যান্য ভোজ্যতেলের দাম কমে যাওয়ায় অপরিশোধিত পাম অয়েলের দরপতন হয়েছে।’

ডিসিইতে শুক্রবার সয়াবিন তেলের দাম কমেছে ১ দশমিক ৪১ শতাংশ। এ সময় পাম অয়েলের দরপতন হয়েছে ১ দশমিক ৩৩ শতাংশ। এছাড়া গত সপ্তাহের লেনদেনের শেষদিনে শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সয়াবিন তেলের দাম কমেছে দশমিক ২৩ শতাংশ।

ইন্দোনেশিয়ান পাম অয়েল অ্যাসোসিয়েশনের তথ্যানুযায়ী, উৎপাদন বাড়লেও অক্টোবর শেষে ইন্দোনেশিয়ার পাম অয়েলের মজুদ মাস ভিত্তিতে ১০ শতাংশ কমেছে। এ সময় মোট মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ২৩ লাখ ৩০ হাজার টনে।

আরও