রোবাস্তা কফির বাজারে টানা ঊর্ধ্বমুখী ধারা কিছুটা মন্থর হলেও সপ্তাহজুড়ে পণ্যটির দাম বেড়েছে ৩ দশমিক ৭ শতাংশ। ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) ভবিষ্যৎ সরবরাহের চুক্তিতে রোবাস্তা কফির দাম শুক্রবার বেড়েছে দশমিক ৩ শতাংশ। প্রতি টনের মূল্য পৌঁছেছে ৪ হাজার ৮২৩ ডলারে।
এর আগে আইসিইতে রোবাস্তা কফির দাম টনপ্রতি ৪ হাজার ৯৮৬ ডলারে পৌঁছেছিল, যা গত তিন মাসে সর্বোচ্চ।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে কফি প্রক্রিয়াজাত কোম্পানিগুলো সরবরাহ সংকটের মধ্যে মজুদ নিশ্চিত করতে তৎপর হয়ে উঠেছে। ব্রাজিল থেকে আমদানির ওপর যুক্তরাষ্ট্র সরকার ৫০ শতাংশ শুল্ক আরোপ করায় সরবরাহে চাপ তৈরি হয়েছে। ফলে এক্সচেঞ্জে মজুদ ক্রমান্বয়ে কমছে, যার প্রভাব পড়ছে দামে।
রাবোব্যাংকের এক নোট অনুযায়ী, রোবাস্তা ও অ্যারাবিকা কফির দামের দ্রুত ঊর্ধ্বগতি আপাতত কিছুটা কমে এসেছে। তবে সামনের দিনগুলোয় পণ্যটির দাম আরো বাড়তে পারে।
এদিকে ভবিষ্যৎ সরবরাহের চুক্তিতে অ্যারাবিকা কফির দাম শুক্রবার দশমিক ১ শতাংশ কমে পাউন্ডপ্রতি ৩ ডলার ৭৭ সেন্টে নেমে এসেছে। আগের দিন একই মানের কফি পাউন্ডপ্রতি ৩ ডলার ৯১ সেন্টে পৌঁছেছিল, যা গত সাড়ে তিন মাসে সর্বোচ্চ।