বিশ্বকাপ ফাইনালের টিকিট ৭ হাজার ডলার

ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ নিয়ে উন্মাদনা এখন তুঙ্গে। ১৯ জুলাই নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ মেগা ফাইনাল।

তবে ম্যাচের সব টিকিট এখনো শেষ হয়ে যায়নি। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে এখনো ফাইনালের বিক্রির জন্য রয়েছে এক হাজারের বেশি টিকিট। এসব টিকিটের প্রতিটির দাম নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৩৮০ ডলার, যা বাংলাদেশী মুদ্রায় ৯ লাখ টাকার বেশি। খবর আল জাজিরা।

ফিফার শেষ মুহূর্তের টিকিট বিক্রির ওয়েবসাইটে ‘ক্যাটাগরি-২’ বা দ্বিতীয় শ্রেণীর মোট ১ হাজার ১৭৮টি টিকিট খালি দেখাচ্ছে। স্টেডিয়ামের ওপরের তলার (টপ ডেক) সাইডলাইন বরাবর পাঁচটি সেকশনে রয়েছে আসনগুলো।

সাধারণ আসনের বাইরে ভিআইপি বা প্রিমিয়াম টিকিটের দাম শুনলে যে কারো চোখ কপালে উঠবে। স্টেডিয়ামের নিচতলার (লোয়ার ডেক) ‘ক্যাটাগরি-১’-এর সামনের সারির ৬৮টি টিকিট বিক্রি করছে ফিফা। এগুলোর দাম ১৯ হাজার ৯৯৫ ডলার থেকে শুরু করে সর্বোচ্চ ৩২ হাজার ৯৭০ ডলার পর্যন্ত। এছাড়া খাবার ও পানীয়সহ বিশেষ ‘ট্রফি লাউঞ্জ’ ও ‘ট্রফি লাউঞ্জ প্লাস’ সেকশনের হসপিটালিটি টিকিটের দাম ধরা হয়েছে যথাক্রমে ৩৪ হাজার ৫০০ ডলার ও ৩২ হাজার ৫০০ ডলার।

বিশ্বকাপের টিকিটের অতিরিক্ত দাম নিয়ে বিভিন্ন ধাপে ফিফাকে তীব্র সমালোচনার মুখেও পড়তে হয়েছে। এমনকি টিকিটের ‘অতিরিক্ত মূল্য’ নির্ধারণের বিরুদ্ধে একটি ফুটবল সমর্থক গোষ্ঠী আদালতে মামলাও করেছে।

আরও