গত সপ্তাহে মিশ্র প্রবণতায় ছিল বৈশ্বিক পণ্যবাজার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তে বৈশ্বিক অর্থনীতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তে বৈশ্বিক অর্থনীতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে সম্প্রতি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় প্রচেষ্টা চালাচ্ছেন বিশ্বনেতারা। এমন প্রেক্ষাপটে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগে গত সপ্তাহে মিশ্র প্রবণতায় ছিল বৈশ্বিক পণ্যবাজার। খবর আনাদোলু এজেন্সি।

খাতসংশ্লিষ্টরা জানান, ট্রাম্পের বাণিজ্য নীতির কারণে পণ্যমূল্য বেড়েছে। তা কমাতে তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এমন পরিস্থিতি তৈরি হলে ব্যবসায়ী ও গ্রাহকের জন্য ভবিষ্যৎ মূল্য পূর্বাভাস দেয়া কঠিন হয়ে পড়ে। ফলে তৈরি হয় অর্থনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা।

আর্থিক ও ভূরাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হলে বিশ্ববাজারে স্বর্ণের দাম সবচেয়ে বেশি বাড়ে। গত সপ্তাহে মূল্যবান ধাতুটির দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য পৌঁছেছে ২ হাজার ৯৫৪ ডলার ৮৯ সেন্টে। খাতসংশ্লিষ্টরা জানান, মূল্যবৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে ট্রাম্পের শুল্ক ও চলমান ভূরাজনৈতিক উদ্বেগ।

শিকাগো ফেডের প্রেসিডেন্ট অস্টান গুলসবি বলেন, ‘‌২০২২ সালে ৪০ বছরের সর্বোচ্চ স্তর থেকে মূল্যস্ফীতি কমাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে অর্থনীতির অনিশ্চয়তা ও ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির পরিবর্তন এতে প্রভাব ফেলতে পারে।’

গত সপ্তাহে রুপা ও প্যালাডিয়ামের দাম যথাক্রমে ১ দশমিক ১ ও দশমিক ৫ শতাংশ বেড়েছে। তবে এ সময় প্লাটিনামের দাম কমেছে আউন্সপ্রতি ১ দশমিক ১ শতাংশ।

গত সপ্তাহে তামার দাম পাউন্ডপ্রতি ২ দশমিক ১ শতাংশ কমেছে। চীনা জায়ান্ট নরিনকো গ্রুপ (চায়না নর্থ ইন্ডাস্ট্রিজ করপোরেশন) জানিয়েছে, তারা কঙ্গোর খনি কোম্পানি চেমাফ থেকে তামা ও কোবল্ট অধিগ্রহণের প্রস্তাব পুনর্বিবেচনা করতে প্রস্তুত।

এছাড়া তামার খনি যৌথ পরিচালনার জন্য চিলির খনি কোম্পানি কোডেলকো ও যুক্তরাজ্যভিত্তিক অ্যাঙ্গলো আমেরিকান চুক্তি স্বাক্ষর করেছে। আগামী দিনগুলোয় সরবরাহ বাড়ার সম্ভাবনায় ধাতুটির দাম নিম্নমুখী হয়েছে। এদিকে গত সপ্তাহে অ্যালুমিনিয়াম দশমিক ২ ও নিকেলের দাম দশমিক ৮ শতাংশ বেড়েছে। দস্তা ও সিসার দাম বেড়েছে যথাক্রমে ১ দশমিক ২ ও দশমিক ৭ শতাংশ।

যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের উত্তোলন ও রফতানি বেড়েছে। মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) থেকে জানা গেছে, এ সময় দেশটিতে মজুদ বেড়েছে ৪৬ লাখ ব্যারেল। ফলে গত সপ্তাহে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম দশমিক ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৩ ডলার ৯০ সেন্টে নেমেছে।

এদিকে মার্চের শুরুতে আর্কটিক থেকে আসা শীতল বাতাস উত্তর আমেরিকার বৃহত্তর অংশে প্রভাব ফেলার পূর্বাভাস রয়েছে। তাই গত সপ্তাহে প্রাকৃতিক গ্যাসের দাম বেড়েছে ১২ দশমিক ৬ শতাংশ।

গত সপ্তাহে চিনি ছাড়া অন্যান্য কৃষিপণ্যের দামও মিশ্র প্রবণতায় ছিল। এ সময় চালের দাম কমেছে ৩ শতাংশ। গম, তুলা ও কফির দাম কমেছে যথাক্রমে ১ দশমিক ৬, ১ দশমিক ৩ ও ৪ দশমিক ৫ শতাংশ। এ সময় ভুট্টা ও চিনির দাম যথাক্রমে দশমিক ৪ ও ৩ দশমিক ১ শতাংশ বেড়েছে।

আরও