রেস্তোরাঁর ভ্যাট পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার (১৫ জানুয়ারি) প্রথম সচিব (মূসক নীতি) মশিউর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে আরো কয়েকটি পণ্য ও সেবার ওপর আরোপিত ভ্যাটও পুনর্বিবেচনা করা হবে বলে এনবিআর সূত্রে জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির পাঠানো পত্র জাতীয় রাজস্ব বোর্ড গুরুত্বসহকারে পর্যালোচনা করে রেস্তোরাঁ খাতে ভ্যাট হার পুনঃবিবেচনার সিদ্ধান্ত নিয়েছে। এমতাবস্থায়, ভ্যাটের আওতাসহ রাজস্ব বৃদ্ধি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সমিতির বিশেষ সহযোগিতা কামনা করেছে এনবিআর।
এর আগে গত ৯ জানুয়ারি শতাধিক পণ্য ও সেবায় বিভিন্ন হারে নতুন ভ্যাট আরোপ করা হয়। তারপর সমালোচনাও হয়। এরপরই এলপিজিতে আগের হার নির্ধারণ করা হয়। এবার রেস্তোরাঁতেও পুনির্বিবেচনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া আরো কয়েকটি পণ্য ও সেবায়ও ভ্যাট হার পরিবর্তন করা হবে বলে এনবিআর সূত্রে জানা গেছে।