পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো ২০২৫ সালে জাপান থেকে যুক্তরাষ্ট্রে রফতানি কমেছে। জাপান সরকারের দেয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত উচ্চ শুল্কের কারণে দেশটির গাড়ি শিল্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাব পড়েছে সামগ্রিক রফতানিতে। খবর নিক্কেই এশিয়া।
বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি জাপান বরাবরই রফতানিনির্ভর। প্রকাশিত তথ্যানুযায়ী, গত বছর যুক্তরাষ্ট্রে জাপানি রফতানি মূল্য ৪ দশমিক ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০ লাখ ৪ হাজার কোটি ইয়েন বা প্রায় ১২ হাজার ৯০০ কোটি ডলারের সমতুল্য। এ সময় রফতানি কমেছে ৩ দশমিক ২ শতাংশ।
জাপান থেকে যুক্তরাষ্ট্রগামী রফতানিতে সর্বশেষ এমন পতন দেখা গিয়েছিল ২০২০ সালে। ওই সময় কভিড-মহামারীর কারণে বৈশ্বিক বাণিজ্য কার্যত স্থবির হয়ে পড়েছিল।
রফতানি পতনে প্রধান ভুক্তভোগী হয়েছে জাপানের গাড়ি শিল্প। ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে জাপানি গাড়ি রফতানি কমেছে ১১ দশমিক ৪ শতাংশ এবং গাড়ির যন্ত্রাংশ রফতানি কমেছে ১০ দশমিক ৭ শতাংশ।
ট্রাম্প প্রশাসন অভিযোগ করে আসছিল, জাপান বিপুল পরিমাণ গাড়ি যুক্তরাষ্ট্রে রফতানি করলেও মার্কিন গাড়ি খুব কম আমদানি করে দেশটি। এরই অংশ হিসেবে গত বছরের শুরুতে জাপানি গাড়ি আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়, যা পরে আলোচনার মাধ্যমে কমিয়ে ১৫ শতাংশে নামানো হয়।
পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো কৌশল পরিবর্তন করছে। টয়োটা মোটর যুক্তরাষ্ট্রে উৎপাদিত গাড়ি জাপানে আমদানির পরিকল্পনা করছে। হোন্ডা মোটর ও নিশান মোটরও একই ধরনের পদক্ষেপ বিবেচনা করছে।
রফতানি কমলেও যুক্তরাষ্ট্র থেকে জাপানের আমদানি টানা দ্বিতীয় বছরের মতো বেড়েছে। ২০২৫ সালে দেশটিতে মার্কিন পণ্য ও দ্রব্যসামগ্রী আমদানি ১ দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখ ৮০ হাজার কোটি ইয়েনে। জাপানে এলপিজি ও শস্যজাত পণ্যের আমদানি বৃদ্ধিই এ প্রবৃদ্ধির প্রধান অনুঘটক। তবে ট্রাম্প প্রশাসনের অনুরোধ সত্ত্বেও যুক্তরাষ্ট্র থেকে এলএনজি ও কয়লার আমদানি উল্লেখযোগ্য হারে কমেছে।
সব মিলিয়ে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে জাপানের বাণিজ্য উদ্বৃত্ত কমে দাঁড়িয়েছে ৭ লাখ ৫০ হাজার কোটি ইয়েনে, যা আগের বছরের তুলনায় ১২ দশমিক ৬ শতাংশ কম।
একই সময় জাপানের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার দেশ চীনে রফতানি কমেছে। চীন থেকে আমদানি দ্রুত বাড়ায় জাপানের বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি ইয়েনে।
যুক্তরাষ্ট্র-চীনের সঙ্গে বাণিজ্যে চ্যালেঞ্জ থাকলেও ২০২৫ সালে জাপানের মোট রফতানি ৩ দশমিক ১ শতাংশ বেড়ে ১১০ দশমিক ৪ লাখ ইয়েনে পৌঁছেছে। এশিয়ায় সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক পণ্যের চাহিদা এ প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে।