ইউরোপের বাজারে কমেছে গমের দাম

ইউরোপীয় গমের দাম গত সপ্তাহের লেনদেনের শেষদিনে কিছুটা কমেছে।

ইউরোপীয় গমের দাম গত সপ্তাহের লেনদেনের শেষদিনে কিছুটা কমেছে। তবে কৃষ্ণসাগরীয় অঞ্চলের প্রতিযোগিতা ও যুক্তরাষ্ট্রের বাজারে দরপতনের চাপ থাকলেও প্রায় এক মাস পর সাপ্তাহিক মূল্যবৃদ্ধির পথে রয়েছে পণ্যটির বাজার। খবর বিজনেস রেকর্ডার।

প্যারিসভিত্তিক ইউরোনেক্সট বাজারে মে মাসের সরবরাহ চুক্তিতে মিলিং গমের দাম দশমিক ৯ শতাংশ কমে টনপ্রতি ২২৪ ইউরোতে (২৪৩ ডলার ৬৪ সেন্ট) নেমেছে। যদিও সপ্তাহজুড়ে পণ্যটির দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। এদিকে শিকাগোতেও গমের দাম শুক্রবার ১ দশমিক ২ শতাংশ কমলেও সাপ্তাহিকভাবে তা ইতিবাচক প্রবণতা বজায় রেখেছে।

এক জার্মান ব্যবসায়ী বলেন, ‘রাশিয়া ও কৃষ্ণসাগরীয় অঞ্চলের গমের দাম পশ্চিম ইউরোপের তুলনায় কমে গেছে। কারণ ফরাসি গম মিসরের মতো গুরুত্বপূর্ণ বাজারগুলোয় তুলনামূলক সস্তা হয়ে উঠেছিল।’

বাজারসংশ্লিষ্টরা জানিয়েছেন, শুক্রবার ১১ দশমিক ৫ শতাংশ প্রোটিনযুক্ত রুশ ও ইউক্রেনীয় গমের এফওবি মূল্য ছিল টনপ্রতি ২৩৯-২৪৩ ডলার। এটি ফরাসি গমের তুলনায় ৬-৭ ডলার কম। রোমানীয় গমের দর ফরাসি গমের সমান থাকলেও দেশটির সাম্প্রতিক রফতানি কার্যক্রম দামের ঊর্ধ্বগতির পেছনে ভূমিকা রেখেছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, ইউক্রেনীয় গমের চাহিদা বেড়েছে। যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হওয়ায় সরবরাহ সহজ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বুধবার আলজেরিয়ার বড় পরিসরে গম ক্রয়ের একটি অংশও ইউক্রেন থেকে সরবরাহ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইউক্রেনের কৃষিমন্ত্রী ভিতালি কোভাল জানিয়েছেন, ২০২৫ মৌসুমের জন্য দেশটির কৃষকরা ৫৭ লাখ হেক্টর জমিতে বসন্তকালীন শস্য বপনের পরিকল্পনা করেছেন, যা ২০২৪ সালের সমপরিমাণ।

২০২৫ সালের শস্য মৌসুমের জন্য ইউক্রেনের কৃষকরা ৫২ লাখ ৪০ হাজার হেক্টর শীতকালীন শস্য বপন করেছেন, যার মধ্যে গমই প্রধান ফসল।

এদিকে ফ্রান্সের ৭৪ শতাংশ নরম গম গত সপ্তাহ পর্যন্ত ফসল ভালো বা চমৎকার অবস্থায় ছিল, যা আগের সপ্তাহের তুলনায় অপরিবর্তিত।

আরও