প্লাস্টিক, প্রিন্টিং ও প্যাকেজিং শিল্পের সবচেয়ে বড় প্রদর্শনী—১৭তম আন্তর্জাতিক প্লাস্টিক, প্রিন্টিং ও প্যাকেজিং ইন্ডাস্ট্রি ফেয়ার (আইপিএফ) শুরু হতে যাচ্ছে। আগামী ১২ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকার পূর্বাচলে অবস্থিত বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে (আইসিসিবি) এ আয়োজন চলবে।
চার দিনব্যাপী এ প্রদর্শনীতে দেশ-বিদেশের শীর্ষ প্রতিষ্ঠানগুলি সংশ্লিষ্ট খাতের সর্বশেষ প্রযুক্তি ও অত্যাধুনিক সব পণ্য তুলে ধরবে।
প্রদর্শনীটিতে প্লাস্টিক ও রাবার প্রক্রিয়াজাতকরণ মেশিনারী, আধুনিক প্রিন্টিং ও প্যাকেজিং প্রযুক্তি, লেবেল প্রিন্টিং, মোল্ড, কাঁচামাল ইত্যাদি উৎপাদনকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।
আইপিএফের ১৭তম আসরে ৮০০টিরও বেশি স্টল থাকবে, যেখানে ১৮টি দেশ থেকে ৩৯০টিরও বেশি ব্র্যান্ড অংশ নেবে। চীন, জার্মানি, ভারত, ইতালি, জাপান, তুরস্ক, যুক্তরাজ্যসহ অন্যান্য দেশের কোম্পানিগুলো তাদের পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করবে।
বাংলাদেশ প্লাস্টিকদ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) ও হংকং ভিত্তিক প্রতিষ্ঠান ইয়র্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং কোম্পানি লিমিটেড যৌথভাবে মেলাটি আয়োজন করছে।
বাংলাদেশের ক্রমবর্ধনশীল প্লাস্টিক ও প্যাকেজিং খাতে দ্রুতই বাড়ছে বিনিয়োগ ও কর্মসংস্থান। বিপিজিএমইএর ২,৪০০ এর বেশি সদস্য সম্মিলিতভাবে এই খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ আয়োজনের একটি প্রধান লক্ষ্য হলো দেশীয় ব্যবসায়ীদের মধ্যে পরিবেশবান্ধব প্রযুক্তি ও আধুনিক মেশিনারির ব্যবহার বাড়ানো।
প্রদর্শনী চলাকালীন প্লাস্টিক খাত নিয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। যেখানে টেকসই উৎপাদন, স্বয়ংক্রিয় প্রযুক্তি, নতুন উদ্ভাবন, বিশ্ব বাজার ও বাংলাদেশের প্লাস্টিক খাত নিয়ে আলোচনা হবে।
দর্শনার্থীদের জন্য প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে। আরো জানতে ভিজিট করুন আইপিএফ-এর অফিসিয়াল ওয়েবসাইট: https://ipf.chanchao.com.tw/
—বিজ্ঞপ্তি