নির্মাণ ও উৎপাদন খাতে নিম্নমুখী চাহিদার প্রভাবে জাপানে অপরিশোধিত ইস্পাত উৎপাদন কমতে পারে। দেশটির মিনিস্ট্রি অব ইকোনমি ট্রেড অ্যান্ড ইন্ড্রাস্টির (এমইটিআই) দেয়া তথ্যানুযায়ী, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) জাপানে অপরিশোধিত ইস্পাত উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় কমতে পারে ১ দশমিক ৭ শতাংশ। খবর হেলেনিক শিপিং নিউজ।
বিশ্বের তৃতীয় বৃহত্তম ইস্পাত উৎপাদনকারী দেশ জাপান। এমইটিআইয়ের পূর্বাভাস বাস্তবায়ন হলে ২০২৬ সালের ৩১ মার্চে শেষ হওয়া অর্থবছরে দেশটিতে ধাতব পণ্যটির মোট উৎপাদন দাঁড়াতে পারে ৮ কোটি ৩ লাখ ৩০ হাজার টন, যা এক বছর আগের তুলনায় ৩ দশমিক ২ শতাংশ কম। এছাড়া এটি হবে ১৯৬৮ অর্থবছরের পর সর্বনিম্ন উৎপাদন।
এমইটিআইয়ের মেটাল ইন্ডাস্ট্রি ডিভিশনের ডিরেক্টর মানাবু নাবেশিমা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘২০০৭ অর্থবছরে জাপানে অপরিশোধিত ইস্পাত উৎপাদন সর্বোচ্চ ১২ কোটি ১৫ লাখ ১০ হাজার টনে পৌঁছেছিল। তবে এর পর থেকে উৎপাদন কমে বর্তমানে সে মাত্রার প্রায় দুই-তৃতীয়াংশে নেমে এসেছে।
মন্ত্রণালয়ের দেয়া তথ্যমতে, শিল্পভিত্তিক জরিপের ভিত্তিতে জানুয়ারি-মার্চ পর্যন্ত রফতানিসহ ইস্পাতজাত পণ্যের চাহিদা ১ দশমিক ৬ শতাংশ কমে ১ কোটি ৮২ লাখ ৭০ হাজার টনে নেমে আসতে পারে। একই সময় ইস্পাত রফতানি দশমিক ৫ শতাংশ কমার পূর্বাভাস দেয়া হয়েছে।