যৌথ প্লাটফর্মে রিভিয়ানের সঙ্গে কাজ করবে ফক্সওয়াগন

বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) খাতে টেসলার প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত মার্কিন কোম্পানি রিভিয়ানের সঙ্গে জোট বেঁধেছে ফক্সওয়াগন (ভিডব্লিউ)।

বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) খাতে টেসলার প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত মার্কিন কোম্পানি রিভিয়ানের সঙ্গে জোট বেঁধেছে ফক্সওয়াগন (ভিডব্লিউ)। এ যৌথ উদ্যোগে বড় অংকের বিনিয়োগ করছে জার্মান অটোমেকারটি। খবর বিবিসি।

কোম্পানি দুটি জানিয়েছে, এ চুক্তির মূল্য ৫৮০ কোটি ডলার। এর মধ্যে প্রাথমিকভাবে ফক্সওয়াগনের বিনিয়োগ ৫০০ কোটি ডলারের বেশি। এ ঘোষণার পরপর রিভিয়ানের শেয়ার ৯ শতাংশের বেশি বেড়েছে।

পরিবর্তনশীল গাড়ির বাজারে কোম্পানিগুলোর যৌথ উদ্যোগ এখন সাধারণ একটি ঘটনা। বিশেষ করে প্রযুক্তি খরচ বেড়ে যাওয়ায় একই প্লাটফর্ম একাধিক কোম্পানির ব্যবহারের প্রবণতা দিন দিন বাড়ছে। এর পেছনে প্রধান অনুঘটক হিসেবে কাজ করছে ইভি ও প্লাগ-ইন হাইব্রিড গাড়ির বিবর্তন।

কয়েক বছর আগে পূর্বাভাসে যতটা বলা হয়েছিল ইভির চাহিদা ততটা বাড়েনি। বরং বিশ্বজুড়ে ইভির চাহিদা ধীরে ধীরে কমছে। একই সঙ্গে চীনা প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে দামের নিরিখে পেরে উঠছে না পশ্চিমা কোম্পানিগুলো। তেমন সময়ে রিভিয়ান ও ভিডব্লিউ যৌথ উদ্যোগের মাধ্যমে গুরুত্বপূর্ণ প্রযুক্তি ভাগাভাগির তথ্য দিল।

এ চুক্তি লোকসানে থাকা রিভিয়ানকে লাইনআপে থাকা ছোট ও সাশ্রয়ী এসইউভি মডেল আরটু বাজারে আনতে প্রয়োজনীয় অর্থের জোগান দেবে। অন্যদিকে নিজস্ব মডেলে রিভিয়ানের প্রযুক্তি ব্যবহার করবে ভিডব্লিউ, এ গাড়িগুলো ২০২৭ সালের মধ্যে বাজারে আসতে পারে।

যৌথ বিবৃতিতে কোম্পানি দুটি জানিয়েছে, পারস্পরিক দক্ষতা ব্যবহার করে তারা খরচ কমাবে ও নতুন প্রযুক্তি উদ্ভাবনে কাজ করবে।

এ পরিকল্পনার প্রথম পর্যায়ে ক্যালিফোর্নিয়ায় ফক্সওয়াগন ও রিভিয়ানের ডেভেলপার ও সফটওয়্যার প্রকৌশলী একসঙ্গে কাজ করবেন। পরবর্তী কাজ এগিয়ে নেয়া হবে উত্তর আমেরিকা ও ইউরোপের তিনটি সেটআপে।

ইউরোপের সবচেয়ে বড় গাড়ি নির্মাতা ভিডব্লিউ সাম্প্রতিক সময়ে বড় ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এ গ্রুপের অধীনে অডি, লাম্বরগিনি ও পোরশেসহ বেশ কয়েকটি নামি ব্র্যান্ড রয়েছে। কিন্তু উচ্চ খরচ, বিক্রি কমে যাওয়া, চীনা ইভির সঙ্গে প্রতিযোগিতা এবং পেট্রল ও ডিজেলচালিত গাড়িতে ধীরগতির কারণে বাজারে জৌলুস হারিয়েছেন ভিডব্লিউ।

অন্যদিকে, ইভির চাহিদা কমে যাওয়ার পর খরচ কমানোর পদক্ষেপ নিচ্ছে রিভিয়ান। ২০০৯ সালে চালু হওয়া স্টার্টআপটি এখনো লাভজনক হয়ে ওঠেনি। বর্তমানে সরবরাহকারীদের সঙ্গে চুক্তি পুনর্বিবেচনা ও উৎপাদন প্রক্রিয়া আরো কার্যকরী করার চেষ্টা করছে।

এসইউভি ছাড়াও বিদ্যুচ্চালিত ডেলিভারি ভ্যান তৈরি করে রিভিয়ান। এ ধরনের গাড়ির প্রধান ক্রেতা রিভিয়ানের সবচেয়ে বড় শেয়ারহোল্ডার অনলাইন খুচরা কোম্পানি অ্যামাজন। অ্যামাজন এরই মধ্যে এক লাখ ভ্যান অর্ডার করেছে, দশকের শেষ নাগাদ সরবরাহ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

আরও