ভারতে স্বর্ণের চাহিদা স্থিতিশীল

রেকর্ড সর্বোচ্চ দাম সত্ত্বেও গত সপ্তাহে ভারতে স্থিতিশীল ছিল স্বর্ণের চাহিদা।

রেকর্ড সর্বোচ্চ দাম সত্ত্বেও গত সপ্তাহে ভারতে স্থিতিশীল ছিল স্বর্ণের চাহিদা। দেশটিতে চলতি মাসে ধানতেরাস ও দীপাবলির উৎসব উপলক্ষে গহনা ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা মূল্যবান ধাতুটির ক্রয় বাড়িয়েছেন বলে জানা গেছে। খবর রয়টার্স।

মুম্বাইভিত্তিক প্রাইভেট ব্যাংকের এক স্বর্ণ ব্যবসায়ী জানান, সামনের দিনগুলোয় স্বর্ণের দাম আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তাই বর্তমানে বিনিয়োগ চাহিদা খুব শক্তিশালী।

ভারতে শুক্রবার প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম ছিল ১ লাখ ২১ হাজার রুপি। গত সপ্তাহের শুরুতে মূল্যবান ধাতুটির দাম রেকর্ড ১ লাখ ২৩ হাজার ৬৭৭ রুপিতে পৌঁছেছিল। গত সপ্তাহে ভারতে সরকারি মূল্য ও শুল্কসহ স্বর্ণ বেচাকেনায় মূল্য সংযোজন (প্রিমিয়াম) ছিল আউন্সপ্রতি ১৫ ডলার, এর আগের সপ্তাহে যা ছিল আউন্সপ্রতি ৯ ডলার।

এদিকে শীর্ষ ব্যবহারকারী দেশ চীনে গত সপ্তাহে স্বর্ণের লেনদেনে ধীরগতি বজায় ছিল। খাতসংশ্লিষ্টদের মতে, দীর্ঘ ছুটির পর দেশটির ক্রেতারা স্বর্ণের দাম কমার জন্য অপেক্ষা করছেন। হংকংয়ে গত সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণ বেচাকেনায় মূল্যছাড় ছিল ৫০ সেন্ট থেকে ১ ডলার। এ সময় মূল্য সংযোজনের পরিমাণ ছিল ১ ডলার পর্যন্ত। এছাড়া গত সপ্তাহে সিঙ্গাপুরে স্বর্ণ লেনদেনে মূল্যছাড়ের পরিমাণ ছিল ৫০ সেন্ট থেকে ১ ডলার ৩০ সেন্ট। এ সময় জাপানে প্রিমিয়াম ছিল স্পট দামের সমান থেকে ১ ডলার পর্যন্ত।

আরও