চলতি বিপণন বর্ষে (জানুয়ারি পর্যন্ত) যুক্তরাষ্ট্র থেকে ১ কোটি ২০ লাখ টন সয়াবিন কিনবে চীন। আগের বিপণন বর্ষে দেশটি ২ কোটি ২৫ লাখ টন সয়াবিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করেছিল। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠকের পর এ সিদ্ধান্ত হয়েছে। খবর রয়টার্স।
বেসেন্ট বলেন, ‘চীন তিন বছরে প্রতি বছর ২ কোটি ৫০ লাখ টন করে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কেনার প্রতিশ্রুতি দিয়েছে। আমাদের সয়াবিন কৃষকরা এখন আবার স্বাভাবিক অবস্থায় ফিরবেন।’
বাণিজ্যচুক্তির ঘোষণায় শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সয়াবিনের দাম বেড়ে পৌঁছেছে প্রতি বুশেল (৬০ পাউন্ড) ১১ ডলার ৭ সেন্টে, যা ১৫ মাসে সর্বোচ্চ। রফতানি মূল্যও টনপ্রতি ২০ থেকে ৩০ ডলার বেড়েছে।
বেসেন্ট বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশও যুক্তরাষ্ট্র থেকে অতিরিক্ত ১ কোটি ৯০ লাখ টন সয়াবিন কিনবে।