পুঁজিবাজারে একদিনে সূচক বেড়েছে দেড় শতাংশ

দেশের পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে গতকাল সূচকে ঊর্ধ্বমুখিতা দেখা গেছে।

দেশের পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে গতকাল সূচকে ঊর্ধ্বমুখিতা দেখা গেছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ১ দশমিক ৫৮ শতাংশ বেড়েছে। পাশাপাশি এক্সচেঞ্জটির দৈনিক লেনদেন বেড়েছে ৩৫ শতাংশের বেশি।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গতকাল লেনদেনের শুরু থেকেই ঊর্ধ্বমুখী ছিল সূচক। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ৮২ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩১২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ২২৯ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ৩৩ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৯৯৮ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন ১১ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৬৬ পয়েন্ট।

গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বেক্সিমকো ফার্মা, ব্র্যাক ব্যাংক, রেনাটা পিএলসি, ন্যাশনাল ব্যাংক ও প্রাইম ব্যাংকের শেয়ার।

ডিএসইতে গতকাল ৬৪৬ কোটি ১৬ লাখ ৯৩ হাজার টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৪৭৫ কোটি ৫৩ লাখ ৩৯ হাজার টাকা। সে হিসাবে একদিনের ব্যবধানে এক্সচেঞ্জটির লেনদেন বেড়েছে ৩৫ দশমিক শূন্য ৩ শতাংশ। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ৩২৭টির, কমেছে ৩৭টির আর দর অপরিবর্তিত ছিল ৩৩টির।

বাজার বিশ্লেষকরা বলছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শেষ হলে রাজনৈতিক স্থিতিশীলতা আসতে পারে। এ আশাবাদ ও স্বল্পমেয়াদে মুনাফার প্রত্যাশায় বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে। ফলে সূচক ও লেনদেনে ঊর্ধ্বমুখিতা দেখা গেছে।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ২০ দশমিক ৬ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ব্যাংক খাত। ১৫ দশমিক ৭ শতাংশ দখলে নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত। বস্ত্র খাত ১৫ দশমিক ৬ শতাংশ লেনদেন নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে ছিল। ৭ দশমিক ৪ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ স্থানে ছিল সাধারণ বীমা খাত। আর পঞ্চম অবস্থানে খাদ্য ও আনুষঙ্গিক খাতের দখলে ছিল লেনদেনের ৭ দশমিক ২ শতাংশ।

গতকাল ডিএসইতে সব খাতের শেয়ারেই ইতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ২ দশমিক ৬ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে আর্থিক প্রতিষ্ঠান খাতে। এছাড়া বস্ত্র খাতে ২ দশমিক ৪, সিমেন্ট খাতে ২ দশমিক ৪, সেবা ও আবাসন খাতে ২ দশমিক ১ এবং জীবন বীমা খাতে ১ দশমিক ৯ শতাংশ ইতিবাচক রিটার্ন ছিল।

দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) নির্বাচিত কোম্পানির সূচক সিএসসিএক্স গতকাল ৫৬ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে ৯ হাজার ১৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই এদিন ১০৯ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৯২ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ৪১টির আর দর অপরিবর্তিত ছিল ২১টির। গতকাল সিএসইতে ৮ কোটি ৮৬ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৬ কোটি ৩৩ লাখ টাকা।

আরও