রাশিয়ায় টানা দ্বিতীয় সপ্তাহের মতো স্থিতিশীল গমের রফতানি মূল্য। নিম্নমুখী চাহিদা ও গম রফতানিতে বিভিন্ন বিধিনিষেধ প্রয়োগ করায় এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। খবর বিজনেস রেকর্ডার।
আইকেএআর কনসালট্যান্সির প্রধান দিমিত্রি রিলকো জানান, ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে সরবরাহের জন্য গত সপ্তাহে ১২ দশমিক ৫ শতাংশ রুশ গমের ফ্রি-অন-বোর্ড (এফওবি) মূল্য ছিল টনপ্রতি ২২৬ ডলার, আগের সপ্তাহেও যা একই দামে বেচাকেনা হয়েছে।
সোভেকন কনসালট্যান্সি জানায়, একই মানের গম ডিসেম্বরের সরবরাহ চুক্তিতে ছিল টনপ্রতি ২২৬-২২৯ ডলার, আগের সপ্তাহে যা ছিল ২২৮-২৩১ ডলার।
সংস্থাটি আরো জানায়, রাশিয়া থেকে গত সপ্তাহে শস্য রফতানি কমেছে। এ সময় দেশটির মোট শস্য রফতানির পরিমাণ ছিল প্রায় ৬ লাখ ৩০ হাজার টন। এর মধ্যে ৫ লাখ ৫০ হাজার টন গম অন্তর্ভুক্ত ছিল। আগের সপ্তাহে দেশটি ৮ লাখ ৫০ হাজার টন শস্য রফতানি করে। এর মধ্যে গম রফতানির পরিমাণ ছিল ৭ লাখ ২০ হাজার টন।
সোভেকন জানিয়েছে, নভেম্বরে রাশিয়া থেকে গম রফতানির পরিমাণ বেশি হতে পারে। সংস্থাটি এ সময়ের জন্য পণ্যটির রফতানি পূর্বাভাস এক লাখ টন কমিয়ে ৪১ লাখ টন করেছে, যা গত বছরের নভেম্বরের ৩২ লাখ টনের তুলনায় বেশি।