পাঠকের ভোটে সেরা

টানা চার বছর বিশ্বের সবচেয়ে ‘আকর্ষণীয়’ দেশ জাপান

যুক্তরাষ্ট্রের ভ্রমণবিষয়ক সাময়িকী কনডে নাস্ট ট্রাভেলারের পাঠকদের ভোটে বিশ্বের সেরা দেশের তালিকায় প্রথম স্থান অর্জন করেছে জাপান।

বিশ্বজুড়ে পর্যটকদের কাছে জাপানের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। দেশটির ঐতিহ্য, সংস্কৃতি, খাবার, প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিক প্রযুক্তির সমন্বয় আকৃষ্ট করছে বিদেশী পর্যটকদের। এর প্রতিফলন দেখা গেছে আন্তর্জাতিক পর্যটন জরিপেও। টানা চতুর্থ বছরের মতো বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় দেশের স্বীকৃতি পেয়েছে জাপান। একই সময়ে দেশটিতে বিদেশী পর্যটকের আগমনও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। খবর জাপান টাইমস।

যুক্তরাষ্ট্রের ভ্রমণবিষয়ক সাময়িকী কনডে নাস্ট ট্রাভেলারের পাঠকদের ভোটে বিশ্বের সেরা দেশের তালিকায় প্রথম স্থান অর্জন করেছে জাপান। গত সপ্তাহে প্রকাশিত সাময়িকীটির বার্ষিক রিডার্স চয়েস অ্যাওয়ার্ডসের ফলাফলে এ স্বীকৃতি দেয়া হয়। এছাড়া তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি। এরপর যথাক্রমে আয়ারল্যান্ড, কম্বোডিয়া ও স্পেনের অবস্থান।

জাপানের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে রেকর্ড ৪ কোটি ২৭ লাখ বিদেশী পর্যটক জাপান ভ্রমণ করেছেন। দেশটির পর্যটন খাতের জন্য এটি একটি উল্লেখযোগ্য অর্জন।

জাপান ন্যাশনাল ট্যুরিজম অর্গানাইজেশন (জেএনটিও) এক বিবৃতিতে জানায়, পর্যটন সম্পদের আকর্ষণের পাশাপাশি জাপানের বিশেষ কিছু বৈশিষ্ট্য এ স্বীকৃতিতে ভূমিকা রেখেছে। এর মধ্যে রয়েছে দেশটির আতিথেয়তা ও নিরাপত্তা। আন্তর্জাতিক পর্যায়ে এ স্বীকৃতি জাপানের প্রতি মানুষের আগ্রহ আরো বাড়াবে এবং দেশটিতে পর্যটকের সংখ্যা বৃদ্ধিতে সহায়তা করবে বলে আশা করছে সংস্থাটি।

বিশ্লেষকদের মতে, পর্যটকদের কাছে জাপানের আকর্ষণের পেছনে দেশটির বৈচিত্র্যময় অভিজ্ঞতার ভূমিকা রয়েছে। একদিকে রয়েছে প্রাচীন ঐতিহ্য, ঐতিহাসিক স্থাপনা ও স্থানীয় সংস্কৃতি। অন্যদিকে আধুনিক নগরজীবন, নকশা, প্রযুক্তি ও দ্রুতগতির রেল যোগাযোগ ব্যবস্থা দিয়েছে দেশটিকে ভ্রমণের জন্য আলাদা বৈশিষ্ট্য। চেরি ফুলের মৌসুম ও বৈচিত্র্যময় খাবারও বিদেশী পর্যটকদের আকৃষ্ট করে।

তবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সংস্করণে প্রকাশিত সাময়িকীটির তালিকায় জাপানের অবস্থান এক নয়। যুক্তরাষ্ট্রের সংস্করণে জাপান প্রথম হলেও যুক্তরাজ্যের সংস্করণে দেশটি দ্বিতীয় স্থানে রয়েছে। সেখানে প্রথম হয়েছে গ্রিস। তালিকার শীর্ষ পাঁচে এরপর রয়েছে ইতালি, তুরস্ক ও পর্তুগাল।

এদিকে জাপানের রাজধানী টোকিওর হানেদা বিশ্বের সেরা বিমানবন্দরের তালিকায় ষষ্ঠ স্থান অর্জন করেছে। তালিকায় প্রথম হয়েছে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর।

আরও