ভিয়েতনামে এক বছরের সর্বনিম্নে কফির মূল্য

ভিয়েতনামের অভ্যন্তরীণ বাজারে কফির দাম বৃহস্পতিবার এক বছরের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে।

ভিয়েতনামের অভ্যন্তরীণ বাজারে কফির দাম বৃহস্পতিবার এক বছরের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে। আন্তর্জাতিক বাজারে মূল্যহ্রাস ও অন্যান্য উৎপাদনকারী দেশ থেকে রোবাস্তা কফির সরবরাহ বেড়ে যাওয়া পণ্যটির বাজারদর কমার পেছনে ভূমিকা রেখেছে। এছাড়া বৈশ্বিক অর্থনীতির জটিল পরিস্থিতিও বাজারদর কমার উল্লেখযোগ্য কারণ বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। খবর বিজনেস রেকর্ডার।

ভিয়েতনামের সর্ববৃহৎ কফি উৎপাদন অঞ্চল সেন্ট্রাল হাইল্যান্ডসের কৃষকরা চলতি সপ্তাহে প্রতি কেজি কফি ১ লাখ ৩ হাজার থেকে ১ লাখ ৩ হাজার ৫০০ ডংয়ে (৩ ডলার ৯৪ সেন্ট থেকে ৩ ডলার ৯৬ সেন্ট) বিক্রি করেছেন, যা ২০২৩ সালের পর সর্বনিম্ন। আগের সপ্তাহে প্রতি কেজি কফি ১ লাখ ১১ হাজার ৫০০ থেকে ১ লাখ ১২ হাজার ডংয়ে বিক্রি হয়েছিল।

এলএসইজির তথ্যানুযায়ী, বুধবার লন্ডনের বাজারে প্রতি টন কফির দাম ২৬৪ ডলার বা ৬ শতাংশ কমে ৩ হাজার ৮৯১ ডলারে নেমে এসেছে, যা এক বছরের সর্বনিম্ন। ভিয়েতনামের প্রধান কফি উৎপাদনকারী অঞ্চলের এক ব্যবসায়ী বলেন, ‘বর্তমানে বাণিজ্যে মন্দা চলছে। অনেকে মনে করছেন দাম আরো কমবে। বৈশ্বিক উত্তেজনার কারণে সবাই এখন খুব সতর্ককার সঙ্গে ব্যবসায়িক লেনদেন করছেন।’

অন্য এক ব্যবসায়ী বলেন, ‘এ মুহূর্তে আবহাওয়া কফি গাছের জন্য অনুকূল। পর্যাপ্ত বৃষ্টিপাত হচ্ছে। এ কারণে সামনে ফসল ভালো হওয়ার সম্ভাবনাই বেশি।’

এদিকে ইন্দোনেশিয়ার সুমাত্রা অঞ্চলে কফি বিন চলতি সপ্তাহে সেপ্টেম্বরের চুক্তির তুলনায় প্রতি টনে ২৩৫ ডলার মূল্য সংযোজন করে বিক্রি করা হয়েছে। এক সপ্তাহ আগের জুলাই-আগস্ট সরবরাহ চুক্তির তুলনায় মূল্য সংযোজনের পরিমাণ ছিল ১৪৫ ডলার। এ বিষয়ে এক ব্যবসায়ী জানান, লন্ডন টার্মিনাল মূল্য অনুযায়ী এ সমন্বয় করা হয়েছে। অন্য একজন ব্যবসায়ী জানান, তিনি ১৫০ ডলার মূল্য সংযোজন করে চলতি সপ্তাহে কফি বেচাকেনা করেছেন, আগের সপ্তাহ আগে যা ছিল টনে ১০০ ডলার।

আরও