ভিয়েতনামে কফির মূল্যবৃদ্ধি

ভিয়েতনামে চলতি সপ্তাহে কফির দাম আগের সপ্তাহের তুলনায় বেড়েছে।

ভিয়েতনামে চলতি সপ্তাহে কফির দাম আগের সপ্তাহের তুলনায় বেড়েছে। বিশ্ববাজারে দামের পুনরুদ্ধার ও ইন্দোনেশিয়ার শক্তিশালী চাহিদা এ প্রবৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। খবর বিজনেস রেকর্ডার।

ভিয়েতনামের প্রধান কফি উৎপাদনকারী অঞ্চল সেন্ট্রাল হাইল্যান্ডসে কৃষকরা প্রতি কেজি কফি ১ লাখ ৭ হাজার থেকে ১ লাখ ১০ হাজার ডং (৪ ডলার ৭ সেন্ট থেকে ৪ ডলার ১৯ সেন্ট) দরে বিক্রি করেছেন। এক সপ্তাহ আগে ছিল এক লাখ থেকে ১ লাখ ৭০০ ডং।

এদিকে বুধবার লেনদেন শেষে আন্তর্জাতিক বাজারে রোবাস্তা কফির টনপ্রতি দাম ১৭১ ডলার বেড়ে ৩ হাজার ৭৯৯ ডলারে পৌঁছেছে, যা জুনের পর সর্বোচ্চ।

এক ব্যবসায়ী বলেন, ‘স্থানীয় বাজার পরিস্থিতি গত কয়েক সপ্তাহের মতোই স্থিতিশীল আছে। অতিরিক্ত দাম ও বৈশ্বিক অনিশ্চয়তার কারণে বিদেশী চাহিদা এখন কম। একই সঙ্গে অনেক গুদাম মালিক এখনো কফি কিনছেন না। তারা অক্টোবর-নভেম্বরের সরবরাহ ও বাজার পরিস্থিতির বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়ার অপেক্ষায় আছেন।

লন্ডনভিত্তিক ডেরিভেটিভস এক্সচেঞ্জ এলআইএফএফইতে এখন নভেম্বরে সরবরাহের চুক্তিতে ৫ শতাংশ কালো ও ভাঙা গ্রেড-২ রোবাস্তা কফি টনপ্রতি ৪০০-৫০০ ডলার মূল্য সংযোজন করে বিক্রি করছেন ব্যবসায়ীরা।

আরও