আউন্সপ্রতি ৪৭০০ ডলার ছাড়িয়ে গেছে স্বর্ণের দাম

ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে গতকাল প্রথমবারের মতো আউন্সপ্রতি ৪ হাজার ৭০০ ডলার ছাড়িয়েছে স্বর্ণের দাম।

ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে গতকাল প্রথমবারের মতো আউন্সপ্রতি ৪ হাজার ৭০০ ডলার ছাড়িয়েছে স্বর্ণের দাম। স্পট মার্কেটে মূল্যবান ধাতুটি বেচাকেনা হয়েছে আউন্সপ্রতি ৪ হাজার ৭২৭ ডলার ৯৯ সেন্টে, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ৩ শতাংশ বেশি। এছাড়া এদিন কেনাবেচার এক পর্যায়ে স্বর্ণের বাজারদর রেকর্ড ৪ হাজার ৭৩১ ডলার ৩৪ সেন্টে পৌঁছে যায়। খবর রয়টার্স।

যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে ফেব্রুয়ারিতে সরবরাহ চুক্তিতে গতকাল প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ৪ হাজার ৭৩৪ ডলার ১০ সেন্ট, যা আগের দিনের তুলনায় ৩ শতাংশ বেশি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে বিরোধের জেরে ইউরোপের কয়েকটি দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। আবার ইউরোপীয় দেশগুলোও এ বিষয়ে অনমনীয় মনোভাব দেখিয়ে চলেছে। যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপের হুমকি দিয়েছে দেশগুলো। এতে ডেনমার্কের বিশাল আর্কটিক দ্বীপটি ঘিরে চলমান বিরোধ আরো তীব্র হয়েছে।

এ বিষয়ে ইউবিএসের বিশ্লেষক জিওভানি স্টাউনোভো বলেন, এ পাল্টাপাল্টি শুল্ক আরোপের হুমকি এবং মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার আরো কমানোর সম্ভাবনায় বিশ্ববাজারে আবারো রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে স্বর্ণের দাম।

স্টাউনোভো আরো বলেন, বর্তমান ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকলে স্বর্ণের দাম শিগগিরই আউন্সপ্রতি ৫ হাজার ডলারে পৌঁছতে পারে।

মার্কেট অ্যানালাইসিস ও ব্রোকার প্রতিষ্ঠান এক্সএস ডটকমের সিনিয়র বাজার বিশ্লেষক লিন ট্রান বলেন, যেকোনো প্রাতিষ্ঠানিক ও নীতিগত ঝুঁকি যখন সামনে আসে তখন আপৎকালীন বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ে। ফলে এ সময় মূল্যবান ধাতুটির দাম বেড়ে যায়।

বিশ্ববাজারে গত বছরজুড়ে স্বর্ণের দাম বেড়েছে ৬৪ শতাংশের বেশি। চলতি বছরের মাত্র ২০ দিনে মূল্যবান ধাতুটির দরবৃদ্ধির হার ৯ দশমিক ৫ শতাংশ।

সংশ্লিষ্টরা আরো জানান, যুক্তরাষ্ট্রে শ্রমবাজার এখনো দুর্বল ও অস্থিতিশীল। যদি কর্মসংস্থানের সুযোগ দ্রুত কমে যায় বা সমস্যা বাড়ে তাহলে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদহার আরো কমাতে পারে।

তবে বাজার বিশ্লেষকদের ধারণা, ফেড ২৭-২৮ জানুয়ারির বৈঠকে সুদহার অপরিবর্তিত রাখবে। তবে চলতি বছরে অন্তত দুই দফা ২৫ বেসিস পয়েন্ট করে সুদহার কমাতে পারে ব্যাংকটি।

বিশ্ববাজারে রুপার দাম গত বছরজুড়ে ১৪৭ শতাংশ বেড়েছে। চলতি বছরের এখন পর্যন্ত ধাতুটির দাম বেড়েছে ৩৩ দশমিক ৭ শতাংশ। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, ক্রিটিক্যাল মিনারেলসের তালিকায় যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের রুপা অন্তর্ভুক্তিসহ সরবরাহ ঘাটতি রুপার দরবৃদ্ধির পেছনে ভূমিকা রাখছে।

স্পট মার্কেটে গতকাল রুপার দাম দশমিক ৭ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৯৫ ডলার ৩৪ সেন্টে পৌঁছেছে। এদিন বেচাকেনার এক পর্যায়ে ধাতুটির দাম পৌঁছেছিল আউন্সপ্রতি রেকর্ড ৯৫ ডলার ৪৯ সেন্টে।

এছাড়া স্পট মার্কেটে গতকাল প্লাটিনামের দাম দশমিক ৫ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ২ হাজার ৩৮৭ ডলার ১৫ সেন্টে দাঁড়িয়েছে। এ সময় প্যালাডিয়ামের আউন্সপ্রতি মূল্য পৌঁছেছে ১ হাজার ৮৪৪ ডলার ৮১ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ২ শতাংশ বেশি।

আরও