২০২৪-২৫ মৌসুম

ব্রাজিলে শস্য ও তেলবীজ উৎপাদন বাড়ার পূর্বাভাস

ব্রাজিলে ২০২৪-২৫ মৌসুমে ৩২ কোটি ২৫ লাখ টন শস্য ও তেলবীজ উৎপাদনের পূর্বাভাস দেয়া হয়েছে, যা ২০২৩-২৪ সালের তুলনায় ৮ দশমিক ৩ শতাংশ বেশি।

ব্রাজিলে ২০২৪-২৫ মৌসুমে ৩২ কোটি ২৫ লাখ টন শস্য ও তেলবীজ উৎপাদনের পূর্বাভাস দেয়া হয়েছে, যা ২০২৩-২৪ সালের তুলনায় ৮ দশমিক ৩ শতাংশ বেশি। দেশটিতে শস্য ও তেলবীজের ফলন বাড়ায় উৎপাদন বাড়ার এ পূর্বাভাস দেয়া হয়েছে। খবর আর্গাস মিডিয়া।

ব্রাজিলের জাতীয় সরবরাহ সংস্থা কোনাব তাদের প্রতিবেদনে ২০২৪-২৫ মৌসুমে প্রতি হেক্টরে গড় ৩ হাজার ৯৬৪ কেজি ফলনের পূর্বাভাস দিয়েছে, যা আগের মৌসুমের তুলনায় ৬ দশমিক ২ শতাংশ বেশি। ২০২৩-২৪ মৌসুমে চাষযোগ্য জমির পরিমাণ ছিল ৭ কোটি ৯৮ লাখ হেক্টর। ২০২৪-২৫ মৌসুমে তা বেড়ে ৮ কোটি ১৩ লাখ হেক্টরে উন্নীত হয়েছে।

কোনাব ২০২৩-২৪ মৌসুমে ফলন ও উৎপাদনের পূর্বাভাসও সংশোধন করেছে। গত মাসে ২৯ কোটি ৮৪ লাখ টন উৎপাদনের পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। বাস্তবে আগের মৌসুমে উৎপাদন হয়েছিল ২৯ কোটি ৭৯ লাখ টন। এছাড়া গত বছর গড় ফলন ছিল প্রতি হেক্টরে ৩ হাজার ৭৩১ কেজি, যা পূর্ববর্তী পূর্বাভাস ৩ হাজার ৭৩৯ কেজির তুলনায় সামান্য কম। তবে চাষকৃত জমির পূর্বাভাস ৭ কোটি ৯৮ লাখ হেক্টরে অপরিবর্তিত রাখা হয়েছে।

তবে এর আগে কোনাব সেপ্টেম্বরে ২০২৪-২৫ মৌসুমে ৩২ কোটি ৬৯ লাখ টন শস্য ও তেলবীজ উৎপাদনের পূর্বাভাস দিয়েছিল, যা ব্রাজিলের জন্য একটি নতুন রেকর্ড হতে পারত। একই সময়ে চাষকৃত জমির পরিমাণ ৮ কোটি ৪৪ লাখ হেক্টরে উন্নীত হওয়া এবং গড় ফলন প্রতি হেক্টরে ৪ হাজার ১৬ কেজির পূর্বাভাস দেয়া হয়েছিল।

এদিকে ব্রাজিলে ২০২৪-২৫ মৌসুমে ১৬ কোটি ৬১ লাখ টন সয়াবিন উৎপাদনের পূর্বাভাস দেয়া হয়েছে, যা ২০২৩-২৪ মৌসুমের তুলনায় ১২ দশমিক ৭ শতাংশ বেশি। ওই বছর ১৪ কোটি ৭৪ লাখ টন উৎপাদন হয়েছিল।

জানা গেছে, বপনের পরিমাণ ও ফলনের পূর্বাভাস বাড়ায় উৎপাদন বাড়ার পূর্বাভাস দেয়া হয়েছে। কোনাব বলছে, ২০২৪-২৫ মৌসুমে প্রায় ৪ কোটি ৭৩ লাখ জমিতে সয়াবিন বপন করা হবে, যা আগের বছরের তুলনায় ১৩ লাখ হেক্টর বেশি। এছাড়া ফলন ৯ দশমিক ৬ শতাংশ বেড়ে হেক্টরপ্রতি ৩ হাজার ৫০৮ কেজি গড় ফলনের পূর্বাভাস দিয়েছে।

এছাড়া ব্রাজিলে ২০২৪-২৫ মৌসুমে মোট ১১ কোটি ৯৭ লাখ টন ভুট্টা উৎপাদনের পূর্বাভাস দেয়া হয়েছে, যা ২০২৩-২৪ মৌসুমের তুলনায় ৩ দশমিক ৫ শতাংশ বা ৪০ লাখ টন বেশি। একই সময়ে ৮৩ লাখ টন গম উৎপাদনের পূর্বাভাস দিয়েছে কোনাব।

আরও