হিলিতে রসুনের দাম কমেছে কেজিতে ২০ টাকা

আগের তুলনায় সরবরাহ যেমন বেড়েছে তেমনি দামও কমেছে।

দিনাজপুরের হিলিতে চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় রসুনের দাম কমেছে কেজিতে ২০ টাকা। সরবরাহ স্বাভাবিক থাকলে সামনে দাম বাড়বে না বলে দাবি বিক্রেতাদের।

গতকাল সরজমিনে হিলি বাজারে দেখা গেছে, বাজারে প্রতিটি দোকানেই রসুনের যথেষ্ট সরবরাহ আছে। আগের তুলনায় সরবরাহ যেমন বেড়েছে তেমনি দামও কমেছে। এক সপ্তাহ আগে প্রতি কেজি রসুন ১২০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা প্রকারভেদে ৭০-১০০ টাকায় বিক্রি হচ্ছে।

হিলি বাজারের রসুন বিক্রেতা শাকিল খান বলেন, ‘‌দেশীয় রসুনের পর্যাপ্ত সরবরাহ থাকায় বেশ কিছুদিন ধরেই রসুনের দাম নিম্নমুখী। আগের তুলনায় মোকামে মণপ্রতি ৮০০ টাকা দাম কমেছে। যার কারণে স্থানীয় বাজারেও আমরা কম দামে রসুন বিক্রি করতে পারছি। বর্তমানে মোকামে প্রতি মণ রসুন ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।’

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন, ‘‌কেউ যাতে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াতে না পারেন, সেজন্য আমরা নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছি। কারো বিরুদ্ধে বাড়তি দাম নেয়ার বিষয় প্রমাণিত হলে আর্থিক জরিমানা করা হচ্ছে। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

আরও