ব্র্যাক ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক। অর্থনীতি, গবেষণা, উন্নয়ন ও জননীতি নিয়ে দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে তার। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
নতুন স্বতন্ত্র পরিচালককে স্বাগত জানিয়ে ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান বলেন, ‘আমরা যখন প্রবৃদ্ধি ও রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ ধাপে পদার্পণ করছি, তখন শক্তিশালী সুশাসন ব্যবস্থা এবং কৌশলগত তদারকি অত্যন্ত জরুরি। গবেষণা, উন্নয়ন, শিক্ষা ও নীতি নির্ধারণী ক্ষেত্রে ড. রাজ্জাকের ব্যাপক অভিজ্ঞতা পর্ষদকে আরো সমৃদ্ধ করবে।’
ড. রাজ্জাক বর্তমানে ঢাকাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের চেয়ারম্যান ও পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি লন্ডনে কমনওয়েলথ সেক্রেটারিয়েটে দীর্ঘদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন, যার মধ্যে হেড অব ইন্টারন্যাশনাল ট্রেড পলিসি অন্যতম। এরও আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেছেন।
ড. রাজ্জাক সাব-সাহারা আফ্রিকা, দক্ষিণ এশিয়া, ক্যারিবিয়ান এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনীতিসহ বহু দেশীয় গবেষণা ও কার্যক্রম পরিচালনা করেছেন। তিনি বেশ কয়েকবার জি২০ ডেভেলপমেন্ট ওয়ার্কিং গ্রুপের সামনে টেকনিক্যাল প্রেজেন্টেশন এবং যুক্তরাজ্যের পার্লামেন্টের হাউজ অব লর্ডস ও হাউজ অব কমন্সের কমিটিগুলোর সামনে এভিডেন্স উপস্থাপন করেছেন।
ড. রাজ্জাক বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের একজন খণ্ডকালীন অধ্যাপক। তিনি যুক্তরাজ্যের সাসেকস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার অব সোশ্যাল সায়েন্স সম্পন্ন করেছেন।